আবারও রবিবার থেকে তৃতীয় দফায় বন্ধের কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ১৯৯৬ সালে ভোমরা বন্দর প্রতিষ্ঠার পর থেকে হরতালে কখনও ভোমরা বন্দর বন্ধ না থাকলেও এবারের ১৮ দলের ঘোষিত তিনদফা হরতালেই ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম জানান, হরতালের কারণে ব্যবসায়িরা কোনো আমদানি-রপ্তানি করছেন না। নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যবসায়িরা কোনো মালামাল আনা-নেয়া করছে না। ফলে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসেনি এবং বাংলাদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি।
ভোমরা স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, হরতালে বন্দর সংশ্লিষ্ট সকল অফিস যথারীতি খোলা থাকলেও কোনো মালামাল আমদানি-রপ্তানি হচ্ছে না। ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সরকার প্রতিদিন প্রায় ৫০৬ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।
