এনায়েতপুরে শত বছরের গোষ্ট মেলা

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৬
সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপীনাথপুরে শত বছরের ঐতিহ্যবাহী গোষ্ট পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ উপলক্ষে কালীবাড়ি মন্দির চত্বরে বসে মেলা। প্রয়াত বলরাম চন্দ্র সরকারের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শ্রীকৃষ্ণের সাথে আরো বেশ কয়েকটি দেব-দেবীর মূর্তি আয়োজকরা পূজা করার জন্য মেলা চত্বরে নিয়ে আসে। শুরু হয় নাচে-গানে পূজা উত্সব। আর এ উপলক্ষে পাশে বসে মেলা। এতে দোকানীরা পসরা সাজিয়ে বসেছিল মুড়ি-মোয়া, ঝুরি, জিলেপী, মিষ্টি, চুড়ি-মালা, নানা রকমের খেলনা নিয়ে। আর ক্রেতা হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের পাশাপাশি ছিল এনায়েতপুর, বেলকুচি এবং শাহজাদপুর উপজেলার হিন্দু ধর্মাবলম্বী হাজারো মানুষ।