জমি বরাদ্দের অভাবে বিসিক শিল্প নগরী সমপ্রসারণের কাজ আজও নীলফামারীতে শুরু হচ্ছে না। ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ইতোপূর্বে সৈয়দপুর উপজেলায় প্রায় ১১ একর জমির উপরে বিসিক শিল্প নগরী স্থাপন করে। এখানে ৪৭টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার পর শিল্প নগরী সমপ্রসারণের চাহিদা বৃদ্ধি পায়। এরপর সরকার বিসিক শিল্প নগরী সমপ্রসারণের বিষয়ে ৫ সদস্যের জরিপ দল ৫ মাস পূর্বে নীলফামারী আসেন। তারা দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন পরিত্যক্ত খাস জমি ৬৫.৫ একর, পলাশ বাড়ি বড়মাঠ, নীলফামারী জলঢাকা সড়কের ধারে বিস্তীর্ণ আবাদী জমি পরিদর্শন করেন। তারা দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন পরিত্যক্ত খাস জমির ৩০ একর বিসিক শিল্প নগরী সমপ্রসারণের বরাদ্দের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান। প্রস্তাবটি নীলফামারী জেলা প্রশাসকের নিকট গত সেপ্টেম্বরে আপত্তিকর সনদ (এনওসি) পত্রের জন্য পাঠানো হয়। অদ্যাবধি এনওসি না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।
