সরকারি প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারীদের দ্রুত গ্রেফতার ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী দেবাশীষ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সম্মেলন কমিটির আহবায়ক হিরন্ময় মন্ডল, পরীক্ষার্থী আলাউদ্দিন, বিশ্বনাথ কয়াল, নিমাই দাশ, রনক বাসার, মানসী রায়, দিপ্তী বৈরাগী প্রমুখ। বক্তারা এ সময় বলেন, অবিলম্বে নিয়োগ পরীক্ষা বাতিল না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলাসহ পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে। অবিলম্বে নিয়োগ পরীক্ষা বাতিলসহ সকল নিয়োগ পরীক্ষায় কোটা প্রথা বাতিলেরও দাবি জানান বক্তারা।
