সোমবার এ মামলায় হাইকোর্টের আদেশ দাখিলে ব্যর্থতায় আসামিদের পরীক্ষা বা আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী মো. জামালউদ্দিন খন্দকার আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে আসা অভিযোগসমূহ ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আদালতের নির্ধারিত ফরমে লিখিত আকারে সরবরাহের জন্য আবেদন জানান। এছাড়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ পরিবর্তন সংক্রান্তে হাইকোর্টের আদেশ দাখিলের জন্যও সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম রফিকুল ইসলাম তীব্র আপত্তি জানিয়ে বলেন, উচ্চ আদালতের আদেশ দাখিলে এর আগে আরও দুইবার সুযোগ দেয়া হয়েছে।
এ সময় অভিযোগ নির্ধাারিত ফরমে লিখিত আকারে সরবরাহের জন্য বেলা ৩ টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। বেলা সাড়ে তিনটা পর্যন্ত সকল আসামির বিরুদ্ধে অভিযোগ নির্ধারিত ফরমে লিখে শেষ করতে না পারায় ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. নূরুজ্জামান আসামিপক্ষের আবেদন মঞ্জুর করেন। হাইকোর্টের আদেশ দাখিলে ব্যর্থতায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য ফের ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি বিশ্বজিত্ দাস। ওইদিন রাত্রেই অজ্ঞাতনামা ২৫ জন আসামির বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ।
