ফুটবলারদের কোচ ক্রুইফের হুঁশিয়ারি

ফিটনেস না থাকলে দলে জায়গা মিলবে না

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:০১
ফুটবল খেলোয়াড়রা এবার একটু চাপেই পড়তে যাচ্ছেন। মাঠে না খেলতে পারলে জাতীয় দলের জার্সি পাওয়া কঠিনই হয়ে যাবে। কারণ ক্লাব ফুটবলের খেলায় যেসব খেলোয়াড় সাইড বেঞ্চে বসে থাকবেন তাদেরকে জাতীয় দলে জায়গা দেবেন না বাংলাদেশ দলের কোচ লুডভি ডি ক্রুইফ। গতকাল বিকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনীর মধ্যে অনুশীলন ম্যাচ শেষে ক্রুইফ খেলোয়াড়দের উদ্দেশ্যে এ হুঁশিয়ারি দেন। শেখ জামাল খেলাটিতে ৫-১ গোলে হারায় আবাহনীকে। শেখ জামাল এবং আবাহনীতে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড়। তাদের অবস্থা জানার জন্য দুই দলের অনুশীলন ম্যাচ দেখতে গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে গিয়েছিলেন ক্রুইফ। খেলোয়াড়দের পারফরম্যান্স দেখেছেন। আগামীতে যেসব খেলা রয়েছে তার জন্য খেলোয়াড় বাছাই কাজ শুরু করতে চান। কারণ সাফের ব্যর্থতা মুছে ফেলে নতুন করে শুরু করতে চান এই ডাচ কোচ। জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস কোন পর্যায়ে এবং অন্য খেলোয়াড়দের উন্নতিটা দেখে একটা ছক তৈরির পর কাজ শুরু করতে চান তিনি। মাঠে গিয়ে ক্রুইফ দেখেছেন অনেক খেলোয়াড়ই সাইড লাইনে বসে রয়েছেন। এটা তাকে হতাশ করেছে। শেখ জামাল এবং আবাহনী তাদের খেলোয়াড়দের মান এবং প্রস্তুতি কতটা এগিয়েছে তা দেখেছেন। শেখ জামাল তাদের বিদেশি ফুটবলারদের গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে। ৯০ মিনিটের ম্যাচটা হয়েছে তিন ভাগে। যে কারনে কে জাতীয় দলের খেলোয়াড়, আর কে বাইরের খেলোয়াড়, সেটা গুরুত্বপূর্ণ ছিল না দলের নাইজেরিয়ান কোচ যোশেফ আফুসির কাছে। এটা চোখে লেগেছে ক্রুইফের। তিনি এ প্রসঙ্গে জানান এখন থেকে যারা নিয়মিত মাঠে খেলবে, তাদেরকে তিনি অগ্রাধিকার দেবেন। নিয়মিত না খেললে ফিটনেস থাকবে না। তার পক্ষেও ওই খেলোয়াড়কে নেয়া সহজ হবে না। ক্রুইফের পরামর্শ হচ্ছে যারা খেলতে পারবেন না, সাইড লাইনে থাকবেন তাদের উচিত হবে অন্য ক্লাবে চলে যাওয়া। কোচের এই কথা খেলোয়াড়দের জন্য চাপ বয়ে আনবে ঠিকই। তবে কোচের এই কথা খেলোয়াড়দের মধ্যে যদি জেদ সৃষ্টি করে সেটা তাদের জন্যই ভালো হবে। ক্লাব ফুটবলের খেলায় আরো মনযোগ দেবেন। জাতীয় দলের পরবর্তী কার্যক্রম সম্পর্কে ক্রুইফ বলেন, এই মুহূর্তে চূড়ান্ত পরিকল্পনা হয়নি। তবে আগামী এক মাসের জন্য আমি এবং রেনে কেস্তার একটা পরিকল্পনা তৈরি করেছি। এখন বাফুফে সভাপতির অনুমোদন পেলে এগিয়ে যেতে পারব। তিনি বলেন, ‘এখানে অর্থের ব্যাপার রয়েছে। অর্থ না পেলে আমরা কাজ করতে পারব না।’ জানা গেছে প্রীতি ম্যাচ খেলতে ক্রুইফ জাতীয় দলকে বিদেশে খেলতে নিয়ে যেতে চান।