ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:১৬
মার্কস ডেন্টাল কলেজ ক্যাম্পাস প্রতিবেদক মার্কস ডেন্টাল কলেজ (এমডিসি) এ বছর বিডিএস কোর্সে ৭ম ব্যাচের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে থেকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এ কোর্সে ভর্তি করা হবে। এ পর্যন্ত মার্কস ডেন্টাল কলেজ থেকে দুটি ব্যাচের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পাস করে তারা মার্কস কলেজের ২৫০ শয্যা বিশিষ্ট নিজস্ব হাসপাতালে ইন্টার্নশীপ করছে। গত ফেব্রুয়ারি ২০১০ সালে প্রথম পেশাগত বিডিএস পরীক্ষায় এ কলেজের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ জন মেধা তালিকায় ৫ম স্থান অধিকার করেছে। দেশের একজন সফল ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষানুরাগী বাংলাদেশের প্রথম নাক-কান-গলা ও হেড-নেক মাইক্রো সার্জন ব্রি.জে. (অব.) অধ্যাপক ডা. এম মাসুদুর রহমান খান ২০০৭ সালে মার্কস ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন মার্কস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে। তিনি মার্কস গ্রুপের চেয়ারম্যান ও এমডিসি’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। উল্লেখ্য, গত বছর ৮ ফেব্রুয়ারি এই কীর্তিমান সফল ব্যক্তিটি আমাদের ছেড়ে না-ফেরার দেশে চলে গেছেন। ইউনাইটেড ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক দেশের ইতিহাসে প্রথম বাণিজ্য বিষয়ে সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক টিভি রিয়ালিটি শো দ্যা ফিউচার লিডার প্রোগ্রাম ইন বিজনেস (এফএলপি) ২০১২-১৩ এর মহাউত্সব অনুষ্ঠিত হয় ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে। ইউরোপের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাসে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্কুলের পরিচালক রিচার্ড আরসান। এফএলপির গ্র্যান্ড ফিনালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রাজুয়েটরা অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ প্রতিযোগিতায় সেরা ৮টির মধ্যে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম মোট পাঁচটিই লাভ করেছে তারা। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তাহসিন জান্নাত ও ইসরাত ইথার ইতালির ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল আলটিসে পূর্ণবৃত্তিসহ এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাচ্ছেন। প্রতিযোগিতায় পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম স্থান অধিকারী পার্থসারথী বিশ্বাস, ন্যান্সি ত্রুিষ্টিনা সিনহা ও সাবরিনা জাহান একই বিশ্ববিদ্যালয়ে শর্ট কোর্সে পূর্ণবৃত্তিসহ পড়াশোনার সুযোগ পাচ্ছেন। জাপান-বাংলাদেশ নার্সিং ইনস্টিটিউট ক্যাম্পাস প্রতিবেদক স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনস্টিটিউট। সম্প্রতি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল প্রাঙ্গণে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনস্টিটিউট এর প্রথম ব্যাচের ৪০ জন সেবিকার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৪০ জন সেবিকাকে ক্যাপ পরিধানের মধ্যদিয়ে ৪০টি প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে সেবিকারা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনস্টিটিউট এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ. নাঈম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনস্টিটিউট এর কো-চেয়ারম্যান প্রফেসর ডা. জোনাইদ শফিক, ম্যানেজিং ডাইরেক্টর প্রফেসর ড. জি ইউ আহসান ও গভর্নিং বডির সদস্য প্রফেসর ডোনাল্ড জেমস গোমেজ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাজ্জাদ আরেফিন প্রতি বছরের মতো এ বছরও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকভাবে পালন করা হলো দীপাবলী উত্সব। সকালে সূর্যের আলো ফোটার সাথে সাথে শুরু হয়ে গেল উত্সব প্রস্তুতিটি। আল্পনা আঁকা, প্যান্ডেল সাজানো, মোমবাতি সংগ্রহ করা কত কি! উত্সব বলে তো কথা। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সকলের অংশগ্রহণে সম্পন্ন হলো উত্সবের প্রস্তুতি। এখন শুধু সন্ধ্যা হওয়ার পালা। এসে গেল সেই প্রতীক্ষিত সময়। পুষ্পাঞ্জলি ও মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হলো উত্সব। প্রায় দশ হাজার মোমবাতিতে আলোকিত হলো পুরো ক্যাম্পাস। কোথায় নেই আলো! ফ্যাকাল্টি বিল্ডিং, প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রীদের হোস্টেল শুধু আলো আর আলো। ঢোলের শব্দে আর আঁতশবাজির আলোয় পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়লো উত্সবের আমেজ। নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করতে লাগল সকলে। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা নেই কোন ভেদাভেদ। রাত বাড়ার সাথে সাথে মিলনমেলায় পরিণত হলো উত্সবটি। এবার শেষ হওয়ার পালা। কিন্তু সকলের মুখে উচ্চারিত হলো-আর নয় হানাহানি। সাম্প্রদায়িকতা ভুলে অন্ধকারকে মুছে ফেলে গড়বো আলোয় উদ্ভাসিত নতুন বাংলাদেশ।