সবজি চাষে ভাগ্য ফিরেছে মরিয়মের

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:৩৫
কয়রায় সবজি চাষ করে ভাগ্য ফিরেছে সুলতানা মরিয়মসহ অনেকের। আইলায় ভেসে যাওয়া পরিবারগুলো বেসরকারি স্বেচ্ছসেবী সংগঠন জেজেএস পরিবর্তন প্রকল্পের সহায়তা পেয়ে ঘুরে বসতে শুরু করেছে প্রত্যন্ত কয়রার বেশ কিছু পরিবার। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ৫নং কয়রা গ্রামের হাবিবুর গাজীর স্বামী হারা মেয়ে সুলতানা মরিয়ম সন্তানাদি নিয়ে বড় কষ্টের মধ্যে দিনাতিপাত করতো। তার সাথে কথা হলে সে জানায়, পরিবর্তন প্রকল্প জেজেএস এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় বৃষ্টির পানি সংরক্ষণে একটি ৩ হাজার লিটার পানির ট্যাংক পেয়ে তার পরিবার এখন ঐ পানি ব্যবহারের মাধ্যমে বাড়ির আঙিনায় সবজি চাষ করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এ বছর তার ৫ শতক জমিতে সবজি চাষ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও প্রায় ৫ হাজার টাকার সবজি বিক্রি করেছে। জেজেএস পরিবর্তন প্রকল্পের কয়রা উপজেলা ম্যানেজার আব্দুর রব রায়হান জানান, শুধু সুলতানা মরিয়মকে নয় এ ধরনের সহযোগিতা উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালি গ্রামের তাছলিমা বেগম মহারাজপুর ইউনিয়নের সুতিরকোণ গ্রামের রিতাবালা মন্ডলকেও দেয়া হয়েছে। সবজি চাষ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, এ ধরনের প্রকল্প এ এলাকার জন্য খুব প্রয়োজন।