ফরিদগঞ্জ উপজেলা সদর হতে মীরপুর যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন যাবত্ বেহাল দশায় রয়েছে। ফলে ওই পথে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। উপজেলা সদরের সাথে পূর্ব এলাকার লোকজনের একমাত্র যোগাযোগের রাস্তা হিসাবে সড়কটি ব্যবহারিত হয়ে আসছে। মাত্র ২ কিলোমিটার রাস্তার বেহাল দশায় হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার। রাস্তার কংক্রিট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাস, ট্রাক, ট্রলি, সিএনজি অটোরিক্সা চরম ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির আশংকা করছে ওই পথে যাতায়াতকারিরা। পাশেই চাষাবাদের ফলে সড়কটির দু’পাশ ভেঙ্গে সরু হয়ে আসছে।
প্রতিবছর কোটি টাকার মাছ চাষ করলেও সড়ক উন্নয়নে মত্স্য চাষিরা কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ অনেকের। পৌরসভারও সড়ক মেরামতের তেমন কোন উদ্যোগ নেই বলে অভিযোগ রয়েছে। সামান্য ২ কিলোমিটার রাস্তার জীর্ণ দশায় গোটা উপজেলাবাসী ভোগান্তির শিকার। বিশেষ করে রোগী আর মালামাল নিয়ে দারুণ সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। এ বিষয়ে পৌর মেয়র মোঃ মঞ্জিল হোসেন বলেন, সড়কটি মেরামতে পৌরসভা থেকে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি সড়কের দু’পার্শ্বে পাইলিং করা হয়েছে অচিরেই বাকি কাজ সম্পন্ন করা হবে।
