সুন্দরগঞ্জে সমবায় ঋণ বঞ্চিত আশ্রায়ণের ৬০ পরিবার

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:৩৬
উপজেলার কাজিয়ার চর আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত ৬০ পরিবার সমবায় সমিতির ঋণ থেকে বঞ্চিত রয়েছে। জানা গেছে, কাপাসিয়ার আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত ১৬০ দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কাজিয়ার চর আশ্রয়ণ ফেইজ-২ নামে সমবায় সমিতি লিমিটেড গঠন করা হয়। তাদের প্রত্যেককে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দেয়া হয়। সমবায় মন্ত্রণালয়ের অধীনে ও উপজেলা সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে ঋণ প্রদানের জন্য নিয়মনীতি মেনে প্রত্যেককে সদস্য করা হয়। তাদের সঞ্চয় গ্রহণ করে ঋণ প্রস্তাব দাখিল করা হলে ১০০টি পরিবার ১০ হাজার টাকা হারে ঋণ পেলেও ৬০টি পরিবার দীর্ঘদিন থেকে ঋণের আশায় ঘুরছে। ঋণ না পাওয়া আছিয়া, লাবণী, আনোয়ারা, শাহিনুর জয়নালসহ অনেকে জানান, তাদের নামে ঋণ বরাদ্দ হলেও তারা আজও পাননি। এ ব্যাপারে সমিতির সভাপতি ও সেক্রেটারী জানান, কিছু কাজ বাকি থাকায় তাদের ঋণ দেয়া হয়নি। এদিকে উপজেলা সমবায় কর্মকর্তা জানান, তার দপ্তর থেকে স্ব-স্ব নামে ঋণের চেক প্রদান করা হয়েছে। তারা কেন ঋণের টাকা পায়নি তা খতিয়ে দেখা হবে।