মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের ক্ষমতায় থেকে যাওয়ার ঘোষণা দেয়ার পর মালদ্বীপের রাজধানী মালিতে কয়েকশ’ প্রতিবাদকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে ওই সংঘর্ষের সময় প্রতিবাদকারীরা পুলিশের দিকে ঢিল ছোঁড়ে। জবাবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে পিপার স্প্রে ব্যবহার ও লাঠিপেটা করে। সকালের দিকে প্রতিবাদকারীরা চলে যায়। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ওয়াহিদের ক্ষমতায় থেকে যাওয়ার সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে বিরোধী নেতৃত্বাধীন দেশটির সংসদ। এর ফলে মালদ্বীপ গভীর রাজনৈতিক সংকটের মুখে পড়েছে।
রবিবার ওয়াহিদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কোনা প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পায়নি। এর ফলে দেশটিতে সাংবিধানিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে রবিবার রাতে ওয়াহিদ ঘোষণা দেন, ‘সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে সংবিধান অনুযায়ী কি হবে সেটা নির্ধারণ না হওয়া পর্যন্ত বর্তমান সরকার সাংবিধানিকভাবে বাতিল হলেও সেটা তার কার্যক্রম চালিয়ে যাবে।’ এর আগে ৭ সেপ্টেম্বর হওয়া প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। ১৯ অক্টোবর দ্বিতীয় দফায় ভোট গ্রহণের পরিকল্পনা করা হলেও পুলিশি বাধার কারণে সেবার ভোট গ্রহণ হয়নি।
