চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া ৮০ জনকে জনসম্মুখে হত্যা করেছে, যাদের বেশির ভাগের অপরাধ ছিলো তারা চোরাই পথে দক্ষিণ কোরিয়ার টেলিভিশন অনুষ্ঠান দেখছিল। দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকা সোমবার এ খবর প্রকাশ করে বলে এনডিটিভি জানিয়েছে। যদিও তথ্যের উত্স সম্পর্কে তারা কিছু জানায়নি। তবে উত্তর কোরিয়ার অন্তত একটি বিদ্রোহী দল জানিয়েছে, তারা এ রকম একটি গুঞ্জন শুনেছে। আর এর ওপর ভিত্তি করেই পত্রিকাটি তাদের প্রথম পাতায় এক খবর প্রকাশ করেছে। বিদ্রোহীদের সূত্র জানায়, ৩ নভেম্বর সাতটি শহরে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সূত্র আরো জানায়, ওনসান বন্দরের পূর্বাঞ্চলে ফায়ারিং স্কোয়াডে আটজনকে হত্যার দৃশ্য দেখানোর জন্য কর্তৃপক্ষ একটি খেলার মাঠে দশ হাজার লোককে জড়ো করেছিলো।
যাদের হত্যা করেছে তাদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার টেলিভিশন নাটক দেখেছে। কয়েকজনের বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগও ছিলো। তবে সিউলভিত্তিক অনলাইন সংবাদ সংস্থা ডেইলি এনকে যেটা উত্তর কোরিয়ার বিদ্রোহীদের দ্বারা পরিচালিত তারা জানায়, তাদের কাছে এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য নেই।
