হুমায়ূন আহমেদের জন্মদিনে মাছরাঙার আয়োজন

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২০:২৫
নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। হুমায়ূন আহমেদের সহধর্মিনী মেহের আফরোজ শাওনের উপস্থাপনায় ‘বহুমাত্রিক হুমায়ূন’ প্রচার হবে রাত ৮টায়। এতে অতিথি হিসেবে থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে হুমায়ূন আহমেদের নানামাত্রিক সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করবেন তারা দু’জন। সেই সাথে যোগ হবে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অভিনেতা তারিক আনাম খান এবং সংগীতশিল্পী সুবীর নন্দীর কথাও। নিজ নিজ অভিজ্ঞতা থেকে হুমায়ূন আহমেদ সম্পর্কে বলবেন তারা। আরও থাকছে হুমায়ূন আহমেদের দুই শিশুপুত্র নিষাদ ও নিনিতের কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবুল হোসেন খোকন। দুপুর ২টা ৩০ মিনিটে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘ফেয়ার অ্যান্ড লাভলী সিনে টিউন’-এ থাকছে হুমায়ূন আহমেদ পরিচালিত বিভিন্ন চলচ্চিত্রের গান। হুমায়ূন আহমেদের একান্ত সাক্ষাত্কার ‘মিসির আলীর সঙ্গে একদিন’ প্রচার হবে বিকাল ৩ টা ২ মিনিটে। বারী সিদ্দিকীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘নক্ষত্রের রাত’ থাকছে বিকাল ৫টা ২ মিনিটে।