চলচ্চিত্র রিলিজ না হলেও বিভিন্ন টকশো আর প্রেম গুঞ্জনেই বেশ সরব নবাগতা অমৃতা। এরই ভেতরে শিবলী সাদিকের ‘অন্তরে অন্তরে’র রিমেকে নিরবের বিপরীতে অভিনয় করেছেন। এরপর নবাগত এক পরিচালকের ‘গেইম’ নামের চলচ্চিত্রেও নিরবের বিপরীতে কাজ করছেন। সর্বসাকুল্যে দুটি ছবিতেই সহশিল্পী নিরব হওয়ায় একসাথে কাজ ও প্রেমের গুঞ্জনও বিভিন্ন মিডিয়ায় চাউর হয়েছে বেশ। তবে এখন চলচ্চিত্র রিলিজ না হলেও মিডিয়ায় নানা খবরে যে আলোচিত থাকা যায়, তা আইরিনের পর প্রমাণ করল অমৃতা। নিরবের সাথে আবছা প্রেমের গুঞ্জনের পর এবারে প্রথমবারের মতো নিরববিহীন চলচ্চিত্রে কাজ করছেন। শিমুল হোসেন নামের এক নবাগত প্রযোজকের ‘দেহ’ নামের চলচ্চিত্রে ‘পতিতা’ চরিত্রে অভিনয় করছেন। তবে এই ছবিতে প্রযোজক বলছেন অমৃতার বিপরীতে কলকাতার কোনো অভিনেতা কাজ করবেন। ইন্ডাস্ট্রিতে এর আগেও এমন অনেক ‘ফাঁকা আওয়াজে’ অভ্যস্ত ছিল। তবে অমৃতার এই ফাঁকা আওয়াজেও রহস্য এবং অপারগতায় কলকাতার সেই নায়কের নাম তারা বলতে চাইছেন না। তবে ফাঁকা বা ভরা আওয়াজ যাই হোক না কেন এবার অমৃতা যে নিরববিহীন কোনো চলচ্চিত্রে সাইন করছেন সেটি আপাতত চূড়ান্ত। দেখা যাক পরবর্তী খবরের সত্যতা কতদূর গড়ায়!
