গুগল সার্চের জানা-অজানা ১০ ফিচার

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৫
গুগল সার্চ ব্যবহার করেন না, কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারকারী এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই গুগল সার্চের মূল ব্যবহার ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করা হলেও এর মাধ্যমে এর বাইরের অনেক কাজও সহজেই করে ফেলা যায়। বহু ব্যবহারের পরেও গুগল সার্চের এমন অনেক ফিচারই থেকে গেছে অনেকের কাঝে অজানা। এই লেখায় তেমনই কিছু ফিচারের কথা জানাচ্ছেন তরিকুর রহমান সজীব কম্পিউটার আর ইন্টারনেট ছাড়া যেমন আমাদের একটি দিনও চলে না, তেমনি অনলাইন জগতে গুগল ছাড়া একটি দিনও কল্পনা করা শক্ত বটে। গুগল ক্রোমের ব্রাউজার, জিমেইল, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ডকসের মতো নানা সেবা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে চলেছি। তবে গুগল’র সবচেয়ে বেশি ব্যবহূত সেবার নাম গুগল সার্চ। অনলাইনে কোনোকিছু খুঁজে বের করতে গুগল সার্চের এই সেবার সাথে সকলেই পরিচিত হলেও এর লুকোনো বেশকিছু ফিচারের কথা জানা নেই অনেকেরই। এই ফিচারগুলো জানা থাকলে গুগর সার্চ ব্যবহার করে অনেককিছুই করা যাবে অনেক সহজে। গুগল সার্চও সার্চ ইঞ্জিনের পরিচয়ের বাইরে নতুন টুল হয়ে উঠবে। ক্যালকুলেটর গুগল’র সার্চ ইঞ্জিনকে সহজেই আপনি ব্যবহার করতে পারবেন একটি শক্তিশালী ক্যালকুলেটর হিসেবে। এর জন্য বাড়তি কিছুই করার প্রয়োজন নেই। সরাসরি গুগল সার্চের অ্যাড্রেস বারে আপনার গাণিতিক সমীকরণ লিখলেই গুগল তার সমাধান দিবে। যেমন, আপনি যদি সার্চ বারে ‘৬+৫’ লিখেন, তাহলে সরাসরি তার উত্তর আসবে ‘১১’ এবং এর নিচেই চলে আসবে একটি পূর্ণাঙ্গ ক্যালকুলেটর। এর মাধ্যমে শুধু যোগ-বিয়োগ বা গুণ-ভাগ নয়, লগরিদম এবং ত্রিকোণমিতিক বিভিন্ন ফাংশনের মানও বের করা যায়। পাই, বর্গ, বর্গমূল, শতকরা, ফ্যাকটোরিয়াল প্রভৃতি গাণিতিক হিসাবও এর মাধ্যমে করে ফেলা যাবে সহজেই। শুধু তাই নয়, ডেসিমেল নম্বরকে বাইনারিতেও রূপান্তরিত করতে পারে গুগল সার্চ। কোনো সংখ্যা লিখে তার সাথে ‘in binary’ লিখে এন্টার চাপলেই ওই সংখ্যাটি বাইনারিতে রূপান্তর করে দেখাবে গুগল। নির্দিষ্ট ওয়েবসাইট সার্চ গুগল সার্চে কোনোকিছু লিখে সার্চ করলেই সেই সংক্রান্ত সব সার্চ রেজাল্ট প্রদর্শন করে গুগল। তবে গুগল সার্চ ব্যবহার করেই যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট সাচ করতে চান, সেই সুযোগও খোলা রেখেছে গুগল। এর জন্য ‘site:’ কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এই কিওয়ার্ডটি লিখে তারপর আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখতে হবে। তারপর আপনার খুঁজতে চাওয়া বিষয়ের কীওয়ার্ড লিখে সার্চ করলেই হবে। ধরা যাক, আপনি বিবিসি’র ওয়েবসাইটে বার্সেলোনা সম্পর্কিত খবর খুঁজতে চান। এর জন্য আপনাকে গুগল সার্চে গিয়ে লিখতে হবে ‘site: bbc.co.uk fc barcelona’। তারপর সার্চে ক্লিক করলেই বিবিসিতে বার্সেলোনার সব খবরের লিংক চলে আসবে সার্চ রেজাল্টে। রূপান্তর দৈনন্দিন প্রয়োজনেই আমাদের নানা পরিমাপকে এক ইউনিট থেকে অন্য ইউনিটে রূপান্তরের প্রয়োজন হতে পারে। দৈর্ঘ্যের ক্ষেত্রে মাইল বা কিলোমিটার, ইঞ্চি থেকে সেন্টিমিটার প্রভৃতি কাজে লাগে অনেকেরই। এ ছাড়া বস্তুর ভর, তাপমাত্রা থেকে শুরু করে অনেক সময় এক দেশিয় মুদ্রাকেও অন্য দেশিয় মুদ্রামানে রূপান্তরের প্রয়োজন হতে পারে। এর জন্য আপনাকে in ফরম্যাটে লিখতে হবে সার্চ করে। যেমন, ৩০০ সেলসিয়াস তাপমাত্রায় কত ফারেনহাইট হয় সেটা জানতে লিখুন ‘30 C in F’। গুগল সার্চ তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, গতি, আয়তন, ক্ষেত্রফল, সময়, ডিজিটাল স্টোরেজ (বিট, বাইট, কিলোবাইট প্রভৃতি), মুদ্রা প্রভৃতি রূপান্তর করতে পারে। রূপান্তরের জন্য গুগর সার্চে ঢুকলেই আপনি কোনো মান রূপান্তর করতে চান তার তালিকা আসবে। এর পর একক নির্ধারণও করতে পারবেন। স্থানীয় সময় নির্দিষ্ট কোনো সময়ে যদি নির্দিষ্ট অঞ্চলের আঞ্চলিক স্থানীয় সময় জানতে চান, তার জন্য কষ্ট করার দরকার নেই। গুগলই আপনাকে সাহায্য করবে। এর জন্য ‘time in’ শব্দ শব্দ যুগলের সাথে কাঙ্ক্ষিত স্থানের নাম লিখে সার্চ দিলেই হবে। যেমন, আপনি যদি লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় জানতে চান, তাহলে গুগর সার্চ করে লিখুন ‘time in los angeles’। অনুবাদ গুগল ট্রান্সলেটর এখন ব্যবহার করেন অনেকেই। তবে একটি ভাষার কোনো শব্দের অর্থ অন্য ভাষায় জানতে চাইলে তা সরাসরি গুগল সার্চই আপনাকে জানিয়ে দিতে পারবে। এর জন্য ‘translate’ কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আর যে ফরম্যাটে লিখবেন, তা হলো- ‘translate to ’। ধরা যাক, আপনি ফ্রেঞ্চ শব্দ ‘pomme’-এর ইংরেজি অর্থ জানতে চান। সেক্ষেত্রে সার্চ করে গিয়ে লিখুন ‘translate pomme to english’। তাহলেই সার্চ রেজাল্টে অর্থ পেয়ে যাবেন apple। এভাবেই এক ভাষার শব্দের অর্থ অন্য ভাষায় সরাসরি জানতে পারবেন গুগল সার্চ ব্যবহার করে। নির্দিষ্ট ফরম্যাটের ফাইল অনুসন্ধান অনেক সময় আমাদের অনলাইনে নির্দিষ্ট ফাইল ফরম্যাটের কোনো ফাইল খোঁজার প্রয়োজন হয়। হয়ত আপনি নির্দিষ্ট বিষয়ের কোনো মাইক্রোসফট ওয়ার্ড (ডক) ফাইল কিংবা পিডিএফ ফাইল খুঁজতে চান। এর জন্য আপনার সার্চ করা শব্দগুলোর সাথে ‘filetype:’ কিওয়ার্ডটি জুড়ে দিন। যেমন, জলবায়ূ পরিবর্তনের উপর যদি কোনো পিডিএফ ফাইল খুঁজে বের করতে চান, তাহলে সার্চ বারে লিখুন ‘climate change filetype:pdf’। তাহলে সার্চ রেজাল্টে সরাসরি পিডিএফ ফাইলগুলোই দেখাবে। এভাবে প্রায় সব ধরনের ফাইল ফরম্যাট অনুসন্ধান করতে পারবেন। আবহাওয়ার খবর অনলাইনে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার জন্য বেশকিছু নির্ভরযোগ্য ওয়েবসাইট রয়েছে। তবে খুব সহজে গুগলই আপনাকে আবহাওয়ার পূর্বাভাস জানাতে পারবে। এর জন্য ‘forecast’ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনি যে শহরের আবহাওয়ার পূর্বাভাস জানতে চান, সেই শহরের নামের আগে বা পরে ‘forcast’ শব্দটি লিখে সার্চ দিলেই হবে। যেমন, ঢাকা শহরের আবহাওয়ার পূর্বাভাস জানতে চাইলে সার্চবারে লিখুন ‘forcast dhaka’। তাহলেই আগামী এক সপ্তাহের ঢাকা শহরের আবহাওয়ার হালচাল জেনে নিতে পারবেন। অনাকাঙ্ক্ষিত ফলাফল বাদ দেওয়া এমন অনেক শব্দই রয়েছে, যেগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধরনের এবং অনেকসময় বিপরীতমুখী কাজ বা প্রতিষ্ঠানকে নির্দেশ করে। যেমন Apple শব্দটির কথাই ধরা যাক। এটি একটি যেমন খাওয়ার অ্যাপেলকে নির্দেশ করে, তেমনি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকেও নির্দেশ করে। সেক্ষেত্রে আপনি Apple সংশ্লিষ্ট সার্চ রেজাল্ট থেকে বাদ দিতে পারেন নির্দিষ্ট ধরনের অ্যাপলকে। তার জন্য ‘—’ (মাইনাস) চিহ্নটি ব্যবহার করতে হবে। যেমন, সার্চ রেজাল্ট থেকে খাওয়ার অ্যাপেলকে বাদ দিতে হলে লিখতে হবে ‘apple — fruit’। সংশ্লিষ্ট তথ্য খোঁজা নির্দিষ্ট ওয়েবসাইটের সাথে সাদৃশ্যপূর্ণ ওয়েবসাইটের সন্ধানও মিলবে গুগল সার্চ থেকে। এর জন্য ‘related:’ কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। যেমন, আপনি বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রের ওয়েবসাইটের খবর জানতে পারেন, ‘related:ittefaq.com.bd’ লিখে সার্চ করলে। এর ফলাফলে দেশের শীর্ষস্থানীয় সব সংবাদপত্রের ওয়েবসাইটের লিংক চলে আসবে। শব্দার্থ জানা সরাসরি গুগল সার্চকেই একটি ডিকশনারি হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে সরাসরি সার্চ রেজাল্টে শব্দের অর্থ, কোন পদ প্রভৃতি তথ্য জানতে পারবেন। এর জন্য ‘define:’ কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। যেমন, আপনি যদি ‘sophistication’ শব্দের অর্থ জানতে চান, তাহলে গুগল সার্চে লিখুন ‘define:sophistication’। তাহলে গুগল সার্চ হয়ে যাবে ডিকশনারি। উচ্চারণ শোনানোর পাশাপাশি এটি অন্য ভাষায় রূপান্তরও করার সুযোগ দেবে। শব্দটি কোন সময় কী পরিমাণ ব্যবহূত হয়েছে তাও জানতে পারবেন এখান থেকেই।