জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে নানা ধরনের ফিচার থাকলেও ছিল না প্যারেন্টাল কন্ট্রোল ফিচার। এ বিষয়ে কিছু পৃথক পৃথক অ্যাপ্লিকেশন থাকলেও অবশেষে আনুষ্ঠানিকভাবে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা যুক্ত করেছে তারা তাদের এই ব্রাউজারে। ‘সুপারভাইজড ইউজার’ নামের এই ফিচারটির মাধ্যমে ব্রাউজারের ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে।
পরিবারের তরুণ বয়সী সদস্যরা ইন্টারনেট ব্রাউজ করার সময়ে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেন, সেই লক্ষ্যেই এই ‘সুপারভাইজড ইউজার’ ফিচারটি চালু করা হয়েছে। এই ফিচারটি ব্যবহার করে তৈরি করা যাবে ‘সুপারভাইজড ইউজারে’র আলাদা একটি অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে যে কেউ পিসিতে বসলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কোন কোন ওয়েবসাইট ভিজিট করা হয়েছে, তার সব তথ্যই আপনি জেনে নিতে পারবেন। ফলে তাকে মনিটরিং করা সুবিধাজনক হবে এটি ব্যবহার করে।
ক্রোমের নতুন এই ফিচারের মাধ্যমে কোনো এক বা একাধিক বা একই ধরনের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ রোধ করা যায়। সেটিং অপশনে গিয়ে এসব ওয়েবসাইটকে সহজেই যুক্ত করে দেওয়া যায় নিষিদ্ধ ওয়েবসাইটের তালিকায়।
সুপারভাইজড ইউজার চালু করলে ডিফল্টভাবেই ক্রোম ‘সেফ সার্চ’ ফিচারটি চালু করে দেয়। এই অ্যাকাউন্ট ব্যবহার করে নেট ব্যবহারের সময় প্রাপ্তবয়স্কদের উপযোগী কোনো কনটেন্টই আসবে না সার্চ রেজাল্টে। গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে এই সেবাটি শতভাগ কাজ না করলেও এটি ধীরে ধীরে উন্নত হবে এবং শীঘ্রই শতভাগ দক্ষতায় প্রাপ্তবয়স্কদের কোনো কনটেন্ট প্রদর্শন করবে না।
www.google.com/settings/chrome/manage লিংকে গিয়ে আপনিও আপনার ক্রোম ব্রাউজারের জন্য ফিচারটি চালু করে নিতে পারবেন। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং ক্রোমবুকে ব্যবহার করা যাবে ক্রোমের ফিচারটি।
