কিশোরগঞ্জে মান্না দে স্মরণে সংগীতসন্ধ্যা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:০৯
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত মান্না দে স্মরণে সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। ‘আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো’ শিরোনামে সংগীতসন্ধ্যার আয়োজন করে ‘জলসাঘর’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। গত ৮ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হলভর্তি দর্শকের উপস্থিতিতে এই সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম আলম, জেলা পরিষদের প্রশাসক মো. আনিসুজ্জামান, এলজিআরডি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আকলিমা জহির রীতা, গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম টিপু সুলতান, সদর উপজেলা নির্বাহী কমকর্তা সুব্রত পাল প্রমুখ। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের নির্বাহী পরিচালক জীবন তাপস তন্ময়ের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কাজল দেব, সুমন চৌধুরী, বিনয় কর ও প্রদীপ পণ্ডিত। মান্না দের গাওয়া ‘আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়’, ‘সহেলি গো, কি নামে বল ডাকি তোমায়’, ‘খুব জানতে ইচ্ছে করে’, ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’, ‘ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না’ প্রভৃতি কালজয়ী গান পরিবেশন করেন শিল্পীরা। প্রায় তিন ঘণ্টাব্যাপী দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো পিনপতন নীরবতার মধ্য দিয়ে সংগীত উপভোগ করেন। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন স্যামসন সরকার ও তপন বসাক এবং গিটারে সহযোগিতা করেন রুনু।