কুষ্টিয়া
‘সব তোমারই জন্য, ললিতা গো, ওকে আজ চলে যেতে বলনা, সজনী গো কেন এলে রজনীকে বলো সে যেন ভোর না হয়’—এ রকম মনোমুগ্ধকর অসংখ্য গানের সুরে গা ভাসিয়েছিল অসংখ্য মান্না দে-ভক্ত শ্রোতা। সদ্য প্রয়াত উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দে স্মরণে কুষ্টিয়ার দৌলতপুরে আঢোজিত সংগীতসন্ধ্যায় মনোমুগ্ধকর এসব গান পরিবেশন করা হয়। দৌলতপুর শিল্পকলা একাডেমীর আয়োজনে গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংগীতসন্ধ্যায় মান্না’দের জনপ্রিয় সব গান পরিবেশন করেন দৌলতপুর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, আইরিন সুলতানা, রিপন, আব্দুল জলিল, জহির রায়হান ও পলাশ আহসান। সংগীতসন্ধ্যায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আখতার উজ জামান, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। ক্ষুদে শিল্পী ও দৌলতপুর শিল্পকলা একাডেমির শিক্ষার্থী সঞ্চারীর কণ্ঠে ‘ললিতা গো ওকে আজ চলে যেতে বলো না’ মান্নাদের এই প্রিয় গানটি শুনে আমন্ত্রিত অতিথিবৃন্দ মুগ্ধ হন এবং ক্ষুদে শিল্পী সঞ্চারীকে পুরস্কৃত করেন। স্থানীয় সংগীতপ্রিয় সর্বস্তরের মানুষ এ সংগীতসন্ধ্যায় অংশগ্রহণ করেন।
