শিবচরে ঢাকির লড়াই

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:১১
মাদারীপুর বাংলার ঐতিহ্য ঢাক, কাস, ঢুলী, হরেক রকমের বাঁশির সুরের তালে তালে নেচে গেয়ে উত্সবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচর পৌরসভার শীতলা বাড়ি মন্দিরে ব্যতিক্রমধর্মী ঢাকির লড়াই সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি উপভোগ করতে দূরদূরান্ত থেকে কয়েক হাজার দর্শক শীতলা বাড়ি মন্দিরে এসে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করে। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যায়। উপস্থিত দর্শকদের মুহুর্মুহু করতালির মধ্যে দিয়ে ঢাকির লড়াই শুরু হয়। স্থানীয় ঢাকিরা ছাড়াও প্রতিযোগিতায় মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, শরীয়তপুরের ২৫ জন বিখ্যাত ঢাকি অংশ নেন। ঝুমুর, আড়তি, তারহা, তেওড়া, একতাড়া, ত্রিতাল, ঝাঁপ, দাবরাসহ বিভিন্ন তালে বিচারকরা পরখ করে নেন প্রতিযোগীদের। ব্যক্তিগত ও দল—দু’ভাবেই পারফর্মেন্স পরখ করা হয় ঢাকিদের। পৌর মেয়র আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হুসাইন, ওসি একেএম মাসুদসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ৬ ঘণ্টার টানা প্রতিযোগিতা শেষে অনবদ্য, সাবলীল উপস্থাপনা ও নানা মনোমুগদ্ধকর কৌশল দেখিয়ে ফরিদপুরের শ্যামল দাস বিজয়ী হন। রানারআপ হন শিবচরের শংকর ঋষী ও দ্বিতীয় রানারআপ হন মাদারীপুরের পরিতোষ। সকল প্রতিযোগীকেই দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। অনুষ্ঠানটি ছিল উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের একটি আয়োজন।