ফরিদপুরে লালনসন্ধ্যা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:১২
শীতের আগমনের সাথে সাথে গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য লোকসংগীতের আসরও জমতে শুরু করেছে। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো স্থানে বসছে এসব গানের আসর। বাংলা ও বাঙালির প্রাণের গান শুনিয়ে শ্রোতার মন জয় করে নিচ্ছেন শিল্পীরা। আধ্যাত্মিক শিল্পী ফকির লালন সাঁইয়ের লেখা গান নিয়ে এমনই এক লালন সন্ধ্যার আয়োজন করা হয় ফরিদপুরের সালথা উপজেলার খলিশপুট্টি গ্রামে। সম্প্রতি আয়োজিত এ সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন আরশিনগর বাউল সংগঠনের শিল্পী সুবাস বাউল, কুষ্টিয়া ছেউড়িয়ার শিল্পী নিজামউদ্দিন লালনি, শাহী বাদশা বাউল, সুজাতা বাউল, বাউল মিজানুর, সুশান্ত করসহ স্থানীয় শিল্পীরা। হযরত শাহ সুফি মদন হাজী (র.)-এর দরবার শরীফে শাহ্ সুফি সিরাজুল হক আলকাদরীয়ার ওফাতদিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশিত গান শুনতে ফরিদপুরের আশপাশের কয়েকটি উপজেলা থেকে সহস্রাধিক মানুষ জমায়েত হয়।