বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে বাংলালিংক বন্ধ থাকা সংযোগ চালুর নতুন একটি বিজ্ঞাপনচিত্র। এই বিজ্ঞাপনে সাবলীল পারফর্ম করেছেন লাক্সতারকা তারিন রহমান। আমাদের এবারের আয়োজনে উঠে এসেছে তার অতীত ও বর্তমানের কথা। তাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
ও ছবি তুলেছেন তাহের মানিক
কৈশোরেই মনের ভেতর স্বপ্ন এঁকেছিলেন শোবিজে কাজ করার। এই স্বপ্নের কথা প্রিয় বান্ধবীদের সাথে শেয়ার করতেন। তাই এক বান্ধবী অনেকটা মজা করেই লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় তারিনের রেজিস্ট্রেশন করায় ও ছবি পাঠায়। মজার বিষয় হলো তার সে ছবি নির্বাচন করে বিচারকরা। যথারীতি তার বাসার ঠিকানায় চিঠিও আসে। এরপর নিজের যোগ্যতা প্রমাণ ও স্বপ্ন পূরণের প্রত্যাশায় গ্রুমিংয়ে অংশ নেন তারিন। ওই প্রতিযোগিতায় সাফল্যের সর্বোচ্চ স্থানে যেতে না পারলেও তার মনে দুঃখ ছিল না এতটুকু। কেননা টপ টেনে থেকে নিজের নামের সাথে তো লাক্স তারকার তোকমা যুক্ত হয়েছে। লাক্সের ক্যাম্পের সোনালি সেই দিনগুলোর গল্প নিয়ে তারিন বলেন, ‘ক্যাম্পের দিনগুলো কখনও ভোলা যাবে না। ওখানে আমরা অনেক কিছু শিখেছি। বিশেষ করে গ্রুমিং সেশনটা ছিল চমত্কার। টপ টেনের সবাই অনেক ভালো ছিল। অভিনয়ের পার্টটা বেশ এনজয় করেছি। এ ছাড়া নাচের ক্লাস, ক্যাটওয়াকসহ অন্যান্য প্রশিক্ষণও বেশ ভালো লেগেছে। এরফলে আমাদের কনফিডেন্স আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আর এই অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লেগেছে বলে আমি মনে করি। টাইম সেন্স, ডিসিপ্লিনের ব্যাপারে আমি বরাবরই সচেতন ছিলাম। লাক্সে আসার পর সেই সচেতনতা আরও জোরদার হয়েছে।’ বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে বাংলালিংক বন্ধ থাকা সংযোগ চালুর নতুন একটি বিজ্ঞাপনচিত্র। এই বিজ্ঞাপনে সাবলীল পারফর্ম করেছেন তারিন। এর আগে প্রচার হয় নাভানা রিয়েল এস্টেট, অকটেন মোবাইলের বিজ্ঞাপনচিত্র। খুব শিগগিরই প্রচার শুরু হবে গাজী শুভ্রর নির্দেশনায় মেরিলের নতুন একটি বিজ্ঞাপনচিত্র। এরমধ্যে এই বাংলালিংক বন্ধ সংযোগ চালুর বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তারিন বলেন, ‘এই বিজ্ঞাপনচিত্রের কাজের অভিজ্ঞতা অনেক ভালো। সুন্দর একটি গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। বিপুল ভাইয়ের নির্দেশনায় এই বিজ্ঞাপনচিত্রে কাজ করে অনেক ভালো লেগেছে। আশা করছি এটি দর্শকদেরও ভালো লাগবে।’ এ ছাড়া বিভিন্ন ফ্যাশন হাউসের মডেল হিসেবে কাজ করছেন এই তরুণ তুর্কি। শুধু মডেলিং নয়, অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তারিন অভিনীত ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞাপারমিতা’। যুবরাজ খান ও মাতিয়া বানু শুকুর যৌথ পরিচালনায় এই নাটকে তিনি দীপা চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘দীপা একজন স্কুল শিক্ষিকা। আমার বিপরীতে আছে সাহেদ আলী সুজন এবং তিনিও একই স্কুলের শিক্ষক। একটি স্কুলের নানা গল্প নিয়ে কাহিনী এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে চরিত্রটি আমার ভালো লেগেছে।’ এর আগে প্রচার হয় একখণ্ডের নাটক আশুতোষ সুজনের পরিচালনায় ‘শেষ পৃষ্ঠার ছবি’, মাতিয়া বানু শুকুর ‘কথার মালা’, রেদওয়ান রনির পরিচালনায় ‘মানিব্যাগ’ এবং গত ঈদুল আজহায় রাজিবুল ইসলাম রাজিবের ‘কনে দেখা আলো’। বর্তমানে অভিনয় করছেন রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় ‘পাতালপুরের রাজকন্যা’ নামের মেগা ধারাবাহিক নাটকে। এটি শীঘ্রই চ্যানেল আইতে প্রচার শুরু হবে। এই ধারাবাহিকের মূল চরিত্র রাজকন্যা হিসেবে অভিনয় করছেন তিনি। এ ছাড়া আগামী বিজয় দিবসের একটি নাটকেও অভিনয় করছেন। মডেলিং ও অভিনয় মধ্যে কোনটি আপনার পছন্দের? এমন প্রশ্নের জবাবে তারিন বলেন, ‘গ্ল্যামারধর্মী যেকোনো মাধ্যমেই আমার কাজ করতে ভালো লাগে। সেটা হোক মডেলিং, নাটক বা সিনেমা।’ তিনি আরও বলেন, ‘আমার কাজের পরিবারের থেকে অনেক উত্সাহ ও সহযোগিতা পেয়েছি। আমার মা সব সময় অনুপ্রেরণা জোগায়।’ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ে ওঠা এই তরুণী বর্তমানে সাউথ-ইস্ট ইউনির্ভাসিটিতে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ছেন। মূলত নিজের ভালোলাগা থেকেই মিডিয়ায় এসেছেন তারিন। তাই ভালোমানের কাজ করতেই তিনি সর্বদা আগ্রহী থাকেন। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা প্রসঙ্গে তারিন বলেন, ‘ইচ্ছে অবশ্যই আছে। তবে মানসম্পন্ন চলচ্চিত্রে অভিনয় করতে চাই। তাই ভালো গল্প ও পরিচালকের সাথে কাজ করার অফার পেলে সানন্দেই তা গ্রহণ করব।’
