অনাথ ছেলে বিচ্ছু কখনোবা এতিমখানার অবহেলা আর অত্যাচারে নিপীড়িত, কখনোবা অপরাধচক্রের শিকার, আবার কখনও নায়করাজ রাজ্জাকের স্নেহ ও ভালোবাসায় আশ্রিত। অপরাধচক্রের আরেক শিকার পরী। অনাথ ছেলে বিচ্ছু আর পরীর সুখ-দুঃখের অজানা সব কাহিনী নিয়ে সামিয়া জামানের পরিচালনায় নতুন ছবি ‘আকাশ কত দূরে’। এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন জুলফিকার রাসেল। ছবিটি সরকারি অনুদানে নির্মিত। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি. ও ভার্সা মিডিয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, লাক্স সুপারস্টার ফারিয়া, মিশা সওদাগর, অঙ্কন প্রমুখ। চিত্রগ্রাহক খায়ের খন্দকার। সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও বেলাল খান। আবহ সংগীত সুজন বিন ওয়াদুদ। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, কণা, বেলাল খান, খেয়া, প্রান্তি প্রমুখ। ছবিটির পরিচালক সামিয়া জামান বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি। সুস্থ বিনোদনমূলক চলচ্চিত্র বলতে যা বোঝায়, এটি সেরকম। ছবিটির গল্প সব বয়সের, সব ধরনের দর্শককে টানবে। এটি আমার দ্বিতীয় ছবি। আশা করছি, দর্শক সিনেমা হলে এসে সপরিবারে ছবিটি দেখবেন।’ ‘আকাশ কত দূরে’ ছবিটি আগামী ৬ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ফিউচারপার্ক ব্লকবাস্টার সিনেমাস আর বলাকা সিনেওয়ার্ল্ডে মুক্তি পাবে।
