দীপিকা-রণবীরের রামলীলা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:২১
বছরের অন্যতম আলোচিত ছবি ‘রামলীলা’ মুক্তি পাচ্ছে আগামীকাল। বলিউডি সিনেমার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটির জন্য। দীপিকা পাড়ুকোন-রণবীর সিং জুটির প্রথম ছবি ‘রামলীলা’ দর্শকদের জন্য বিনোদনের নানা চমক নিয়ে আসছে। প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানসালি অনেক দিন পর ছবি পরিচালনা করেছেন। প্রেমকাহিনীনির্ভর এ ছবির নাচ গান, অভিনয়, ফটোগ্রাফি, সেট ডিজাইন—সবকিছুতেই নান্দনিকতার প্রকাশ রয়েছে। ধারণা করা হচ্ছে, সাধারণ দর্শক এবং সমালোচক উভয়েরই প্রশংসা অর্জন করবে এ ছবি। দীপিকা-রণবীর সিং জুটির বহুল আলোচিত, প্রতীক্ষিত ছবি ‘রামলীলা’র নানা বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন সঞ্জয় লীলা বানসালি তার ‘গুজারিশ’ ছবির ব্যবসায়িক ব্যর্থতার পর বেশ কয়েক বছর ছবি পরিচালনা করেননি। মাঝখানে ‘রাওডি রাঠোর’সহ বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন। শেক্সপিয়ারের কালজয়ী সৃষ্টি অমর প্রেম কাহিনী ‘রোমিও জুলিয়েট’ ছবির চিত্রনাট্য তৈরির পর নায়িকা লীলা চরিত্রে অভিনয়ের জন্য কারিনা কাপুরকে চেয়েছিলেন পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বানসালি। কিন্তু কারিনা অন্য ছবির কাজে ব্যস্ত থাকায় তাকে ‘রামলীলা’ ছবির জন্য সময় দিতে পারছিলেন না। পরিচালক বানসালি এ চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তার আগে নায়ক চরিত্রে রাম-এর ভূমিকায় অভিনয়ের জন্য রণবীর সিংকে নিয়ে ফেলেন তিনি। প্রিয়াঙ্কা রণবীর সিংয়ের বিপরীত অভিনয়ে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত লীলা চরিত্রে কাস্ট করা হয় দীপিকা পাড়ুকোনকে। ছবিটিতে অভিনয়ের সুযোগ পেয়ে দীপিকা ভেতরে ভেতরে দারুণ উদ্দীপনা অনুভব করেছিলেন। কারণ পরিচালক বানসালির ছবিতে নায়িকা চরিত্রগুলো থাকে অনবদ্য বৈচিত্র্যময় এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর আগে বানসালির বিভিন্ন ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছেন মনীষা কৈরালা (খামোশি), মাধুরী দীক্ষিত (দেবদাস), রানি মুখার্জি (ব্ল্যাক) ঐশ্বরিয়া রাই (হাম দিল চে চুকে সানাম, দেবদাস), সোনম (সাওয়ারি)। ফলে দীপিকা অনেকটা চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে লীলা চরিত্রটি রূপায়নের চেষ্টা করেছেন প্রথম থেকেই। গুজরাটের বিবাদমান দুটি পরিবারের এক জোড়া তরুণ-তরুণীর উদ্দাম প্রেম-ভালোবাসার বর্ণাঢ্য গল্প তুলে ধরা হয়েছে ‘রামলীলা’ ছবিতে। লীলা চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে দীপিকার সিরিয়াসনেস পরিচালক সঞ্জয় লীলা বানসালিসহ এ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে চমকিত করেছে। অনেক পরিশ্রম করেছেন দীপিকা ‘রামলীলা’ ছবির জন্য। ছবির আবেগঘন দৃশ্যের শুটিংয়ের সময় তিনি অভিনয়ের সঙ্গে এতটাই সম্পৃক্ত হয়েছিলেন যে শট নেওয়া শেষ হয়ে গেলেও তার কান্না থামেনি, অবিরাম কেঁদেছেন। এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমি ‘রামলীলা’ ছবিতে অভিনয় করার সময় নিজেকে অন্যভাবে ভেবেছি। কারণ সঞ্জয় লীলা বানসালির ছবিতে নায়িকা চরিত্রগুলো থাকে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। আমি এ ছবিতে অভিনয়ের সময় ‘দেবদাস’-এর চন্দ্রমুখী, ‘হাম দিল দে চুকে সানাম’-এর নন্দিনী, ‘দেবদাস’-এর পারুর কথা ভেবেছি। লীলা চরিত্রটিকে সেভাবে নিজের মধ্যে ধারণ করে রূপায়নের চেষ্টা করেছি।’ তার অভিনয়ে পরিচালক বানসালিও সন্তুষ্ট হয়েছেন। ‘রামলীলা’ দীপিকার অভিনয়জীবনে একটি অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে, তাতে সন্দেহ নেই। ওদিকে রণবীর সিংও একটি বড় ধরনের সুযোগ পেয়েছেন এ ছবিতে। একজন সুঠাম দেহী গুজরাটি যুবক রাম হিসেবে নিজেকে গড়ে তুলতে কিছুদিন কসরত করতে হয়েছে তাকে। কঠিন অনুশীলনের মাধ্যমে পেশিবহুল শরীর গড়ে তুলতে হয়েছে। চুল-দাড়ি লম্বা রাখতে হয়েছে। তাই বলা যায় ভিন্ন এক গেটআপে ‘রামলীলা’ ছবিতে আসছেন রণবীর সিং। ‘রামলীলা’ ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ-কৌতূহলের শেষ নেই। এ ছবিতে পর্দাজুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দীপিকা অল্পদিনেই রণবীর সিংয়ের খুব কাছের একজন মানুষ হয়ে গেছেন। ছবিটিতে তাদের রোমান্টিক দৃশ্যগুলো দর্শকদের আলোড়িত করবে সন্দেহ নেই। সাধারণত দীপিকা অন্য নায়কদের এতটা প্রশ্রয় দেন না। রোমান্টিক দৃশ্যে অভিনয়ে রণবীর সিং ও দীপিকার গভীর প্রেম দেখে অনেকে ধারণা করেছেন তাদের মধ্যে পর্দার বাইরেও প্রেম-ভালোবাসা জাতীয় কিছু চলছে। তবে এ বিষয়ে দীপিকা কিংবা রণবীর মুখ ফুটে কিছু বলেননি। যে যাই বলুক, ‘রামলীলা’ ছবিতে তাদের দু’জনের সম্পর্কের রসায়ন বেশ দর্শক-উপভোগ্যই হবে। নাচ-গানের দৃশ্যগুলোতে দীপিকা ‘হামদিল দে চুকে সানাম’-এর ঐশ্বরিয়া রাইকে অনুকরণের চেষ্টা করেছেন—এমন কথাও বলছেন কেউ কেউ। সঞ্জয় লীলা বানসালি ‘রামলীলা’ ছবির বিরাট সাফল্যের চমকে নতুনভাবে উদ্ভাসিত হবেন—প্রত্যাশা অনেকের। এ ছবির সংগীত পরিচালনাও করেছেন তিনি। এ ছবির একটি আইটেম সঙ ‘রাম জানে, লীলা জানি’ গানটি এখন বেশ আলোচিত। টিভি পর্দায় বিভিন্ন চ্যানেলে দেখানো শুরু হতেই গানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। আর এই আইটেম সংয়ে পারফর্ম করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আধুনিক মুজরা ধাঁচের প্রিয়াঙ্কার আইটেম সংটি ‘রামলীলা’ ছবির স্পেশাল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছরে দীপিকা পাড়ুকোন ‘রেস টু’, ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো তিন তিনটি ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন এরইমধ্যে। ‘রামলীলা’ ছবিটির মাধ্যমে তার সাফল্যের নতুন ধারাবাহিক রেকর্ড সৃষ্টি হবে—প্রত্যাশা করছেন দীপিকা নিজেই। এ ছবির বর্ণাঢ্য দৃশ্য আর পাত্র-পাত্রীদের অভিনয়-নাচ-গানের ভিন্নমাত্রার চমক দর্শকদের জন্য আনন্দময় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবেই, বলা যায়।