পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী
সম্প্রতি বাজারে এসেছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ চলচ্চিত্রের অডিও অ্যালবাম। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে লেজার ভিশন থেকে মুক্তি পেয়েছে অ্যালবামটি। এ চলচ্চিত্রের সবকটি গান লিখেছেন কবির বকুল। আর অ্যালবামের নয়টি গানের মধ্যে আটটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, মুন্নী, ন্যান্সি, পুলক, সোনিয়া, কিশোর, রন্টি, মুহিন, তাসিফ ও চিত্রনায়ক শাকিব খান। তবে ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটির সংগীত পরিচালনা করেছেন কৌশিক হোসেন তাপস। চন্দন সিনহা গেয়েছেন এ গানটি।
অনলি সাবা
সপ্তক অডিও ভিশন থেকে প্রকাশিত হলো এ প্রজন্মের সম্ভাবনাময়ী গায়িকা সাবরিনা সাবার প্রথম একক অ্যালবাম ‘অনলি সাবা’। মোট ১০টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে—পৃথিবী, ভালোবাসার জানালায়, একলা ঘরে, ক্রেজি গার্ল, দু’চোখ মেলো, বুঝি না, জন্ম জন্ম-২, সেই প্রিয়জন, চাই না, মন চায়রে। এ অ্যালবামে সাবার সঙ্গে দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, কাজী শুভ, বেলাল খান, অনিক সাহান ও ভারতের জুবিন। গানগুলোর সুর ও সংগীতায়োজনে ছিলেন নাজির মাহমুদ, মুশফিক লিটু, কাজী শুভ, বেলাল খান, রাফি ও হীরা। অ্যালবামটি নিয়ে সাবা বলেন, ‘আমার দীর্ঘদিনের সাধনার ফসল অনলি সাবা। এ অ্যালবামে আমি নিজেকে শতভাগ উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আশাবাদী অ্যালবামটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
রঙমিস্ত্রী
সাউন্ডমেশিনের ব্যানারে বাজারে এসেছে সহজিয়া ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘রঙমিস্ত্রী’। ব্যান্ডের সদস্যরা হচ্ছেন রাজু, এ্যালভি, সৌম, সজিব, জাফরিয়ে, রাব্বি। মোট ৯টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে—অপেক্ষা, বোকা পাখি, রঙমিস্ত্রী, চোখে চোখ, শবনম, ব্যথা দিও না, স্বপ্নের আকাশ, খেলা, মা। অ্যালবামটি মিউজিক পার্টনার মিউজিক ক্লাব, রেডিও পার্টনার এবিসি রেডিও ও আইটি পার্টনার সলিউশন আর্ট। কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদকে অ্যালবামটি উত্সর্গ করেছে ব্যান্ডটি।
নিঃসঙ্গতা
লেজার ভিশন প্রকাশ করেছে তরুণ কণ্ঠশিল্পী নির্জো হাবিবের একক অডিও অ্যালবাম ‘নিঃসঙ্গতা’। সিরাজুম মুনিরের কথায় অ্যালবামটিতে ৯টি গান স্থান পেয়েছে। গানগুলো হচ্ছে—নিঃসঙ্গতা, তুমি আমার, মেঘের মাঝে, অনুভূতি, অপূর্ণতা, নির্ঘুম রাত, স্বপ্ন একা, কল্পনার আড়ালে, নিঃসঙ্গতা-২ । অ্যালবামটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, শশী ও আনিকা। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ, সজীব দাস, সাজিদ সরকার, মামুন ও অয়ন চাকলাদার। অ্যালবামের গানগুলো গ্রামীণফোন, এয়ারটেল, রবি গ্রাহকরা তাদের ওয়েলকামটোন, রিংব্যাকটোন হিসেবে ব্যবহার করতে পারেন।
