স্বপ্নচারিণী কন্যা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:২২
অভিনয় ও উপস্থাপনা দুই মাধ্যমেই সমান গতিতে এগিয়ে চলছেন জিনাত রেহেনা আবেদীন। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় তথ্য ও বিষয়ভিত্তিক অনুষ্ঠান ‘আশ্বাস’। তার স্বপ্ন একজন বড় অভিনেত্রী হওয়া। এই স্বপ্নচারিণী কন্যাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ সত্ মনোভাব নিয়ে স্বপ্নের বাস্তবায়নে চেষ্টা করলে একজন মানুষের সফলতা আসবেই—এই বিশ্বাস নিয়ে পথ চলছেন অভিনেত্রী ও উপস্থাপিকা জিনাত। তিনি শোবিজে নাম লেখান অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। বিটিভিতে প্রচারিত হয়েছে তার বেশ কয়েকটি নাটক। এরমধ্যে ফজলুল করিমের রচনা ও এহসানুল হক সেলিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘মেঘ রঙ ভালোবাসা’য় দারুণ অভিনয়ের জন্য আলোচনায় এসেছেন। সেইসাথে বেশ কয়েকটি ধারাবাহিক ও একখণ্ডের নাটকের শুটিং করছেন। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় তথ্য ও বিষয়ভিত্তিক অনুষ্ঠান ‘আশ্বাস’। এর আগে বিটিভিতে প্রচারিত জাতীয় বিতর্ক অনুষ্ঠানের উপস্থাপনা করেন। অভিনয় না উপস্থাপনা কোনটি আপনার পছন্দের? এমন প্রশ্নের জবাবে জিনাত বলেন, ‘অভিনয় আমাকে চুম্বকের মতো টানে আর উপস্থাপনা হলো ভালোবাসা। ভবিষ্যতে একজন ভালো অভিনেত্রী হতে চাই।’ তিনি বলেন, ‘আমার কাজের পরিবারের থেকে অনেক উত্সাহ ও সহযোগিতা পেয়েছি। সেই জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। পরিবারের সহযোগিতা ছাড়া মিডিয়াতে কাজ করা অনেক কঠিন। আর আমার প্রতি তাদেরও একটা আস্থা আছে। তারা ভালোভাবেই জানেন মিডিয়ার প্রতি আমার ভালোবাসা কতটুকু। তাই বরাবরই অনুপ্রেরণা দিয়ে থাকেন।’ জিনাত সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন। তিনি বলয় পারফর্মিং আর্টস প্রতিষ্ঠান থেকে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা প্রসঙ্গে জিনাত বলেন, ‘ইচ্ছে অবশ্যই আছে। তবে মানসম্পন্ন চলচ্চিত্রে অভিনয় করতে চাই। কেননা একটি মানসম্পন্ন চলচ্চিত্রই একজন শিল্পীকে দর্শকদের মাঝে বাঁচিয়ে রাখে। তাই ভালো গল্প ও পরিচালকের সাথে কাজ করার অফার পেলে সানন্দেই তা গ্রহণ করব। আমি অভিনয়শিল্পী হিসেবে দর্শকহূদয়ে বেঁচে থাকতে চাই সারাটি জীবন।’