এ দেশের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার মায়ের নামে নড়াইলের লোহাগড়ায় হাসপাতাল নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। সমাজের অবহেলিত মানুষের জন্য তিন বোন ও একমাত্র ভাই মিলে এ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেও তা শুধুমাত্র ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ঘোষণার দু’বছর পার হলেও হাসপাতাল নির্মাণের কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে।
জানা গেছে, গত ২০১১ সালের ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ডিসিআইআই-এর আন্তর্জাতিক সম্মেলনে চিত্রনায়িকা ববিতা বাংলাদেশে একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেন। ডিসিআইআই ববিতার এই প্রস্তাব গ্রহণ করে সহায়তার আশ্বাস দেয়। এর পরই ববিতাসহ তার ভাই-বোন মিলে মায়ের নামে লোহাগড়ায় হাসপাতাল করার সিদ্ধান্ত নেন এবং এর অংশ হিসেবে ৯ ডিসেম্বর লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির আরাজি মণ্ডলগাতী গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে আসেন। এ সময় তারা মায়ের নামে হাসপাতাল নির্মাণের জন্য একাধিক জমি দেখেন। হাসপাতাল নির্মাণের জন্য নড়াইলের নিভৃত পল্লীতে দু’দিন ব্যস্ত সময় কাটান অভিনেত্রী ববিতা, সুচন্দা ও ভাই চার্চিল। তবে দু’বছর পার হলেও হাসপাতাল নির্মাণের কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে। স্থানীয়রা জানান, এই হাসপাতাল নির্মাণ নিয়ে ববিতাও কোনো যোগাযোগ রাখেননি এলাকাবাসীর সাথে।
