একাধিক চলচ্চিত্র থেকে ক্রমাগত বাদ পড়ছেন সিনিয়র নায়িকারা। দর্শক চাহিদা ও রুচির পরিবর্তনের কারণেই এই নতুন প্রবণতা দেখা গেছে। এরই ভেতরে মাহফুজ আহমেদ প্রযোজিত ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে চিত্রনায়িকা মৌসুমীকে প্রধান চরিত্রে কাস্ট করার পরও সেখানে তার স্থানে নেওয়া হয়েছে নবাগতা অভিনেত্রী ও জনপ্রিয় র্যাম্প মডেল রুহিকে।
এ ছাড়া আরও কয়েকটি চলচ্চিত্র থেকেও বাদ পড়ছেন তিনি। এ ছাড়া পুরোনো কিছু চুক্তিবদ্ধ হওয়া ছবি থেকেও সম্প্রতি বাদ পড়েছেন অভিনেত্রী নিপুণ। এমনকি নাম প্রকাশে অনিচ্ছুক এক চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘অভিনেত্রী নিপুণকে আমরা কাস্ট করি। কিন্তু চরিত্রের প্রয়োজন ও দর্শক চাহিদার কারণে পরবর্তীতে তরুণী অভিনেত্রীকে নিতে হয়। এরপর নিপুণকে আমরা ভাবী চরিত্রে অভিনয় করতে বলি। কিন্তু তাতে তিনি রাজি হননি। এখন বয়স ও সময়কাল যদি তারা নিজেরা বিবেচনা করতে না চান। তবে তো কিছুই করার থাকে না।’ এ ছাড়া চিত্রনায়িকা পপিকে বাদ দিয়ে সম্প্রতি একটি চলচ্চিত্রে নবাগতা অমৃতাকে নেওয়া হয়েছে এমন আলোচনা চলছে। অনেক প্রযোজক আবার নতুন নায়িকাদের কাছে এই বলেও ফাঁদ পাতছেন যে, তোমাকে অমুক বড় তারকাকে বাদ দিয়ে নেওয়া হচ্ছে। তাই এ ধরনের গল্পে কিছুটা প্রতারণার আভাসও পাওয়া যাচ্ছে। যাতে হয়তো নবাগতারা আত্মতুষ্টিতেও ভুগছেন। তবে বর্ষা, আইরিন, রুহি, মাহী, ববিদের দাপটে এখন সিনিয়র নায়িকারা ব্যাকফুটে যাচ্ছেন। এর ভেতর ছবি সংখ্যা কমে যাওয়ায় ছোট পর্দায় ব্যস্ত হয়েছেন মৌসুমী ও নিপুণ। পাশাপাশি মাঝে মাঝে কিছু আওয়াজ সর্বস্ব চলচ্চিত্রের খবর হয়ে আসছেন কেউ কেউ। যেমন বেশ ক’মাস আগে বেশ ঘটা করে ছবির কাস্টিং নিউজ হন মনির হোসেন জীবনের নতুন চলচ্চিত্রে পপি। কিন্তু সেই ছবিরও শুটিংয়ের কোনো খবর নেই।
