টুইটারে নতুন টাইমলাইন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৪০
মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টুইটার এবার চিরচেনা রূপকে খানিকটা বদলে দেওয়ার সুযোগ করে দিয়েছে এর ব্যবহারকারীদের। প্রচলিত টুইটার টাইমলাইনের পাশাপাশি এখন যেকোনো টুইটার ব্যবহারকারী নিজের মতো করে আলাদা কোনো টাইমলাইন তৈরি করতে পারবেন। নির্দিষ্ট কোনো ঘটনা কিংবা বিষয় নিয়ে এই টাইমলাইন তৈরি করা যাবে। আর এর ডিজাইন নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী নিজেই। নতুন যুক্ত হওয়া এসব টাইমলাইনের প্রতিটির জন্য থাকবে একটি করে নাম। এই টাইমলাইনে কোন টুইটগুলো প্রদর্শিত হবে বা কারা টুইট করতে পারবে, তার সবই নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী। পাবলিক এই টাইমলাইনগুলোর জন্য টুইটারে থাকবে আলাদা একটি ইউআরএল। যেকোনো ওয়েবসাইটেও যুক্ত করা যাবে এই ঠিকানাটি। মনে করা হচ্ছে, ফেসবুকের যেকোনো বিষয়ে পেজ খোলার যে সুযোগ রয়েছে, তার সমান্তরাল একটি সেবা হিসেবেই টুইটারে এই ফিচারটি চালু করা হয়েছে। নতুন এই ফিচারটি আরও বেশি মানুষকে আকৃষ্ট করতে পারবে বলেই ধারণা করছে টুইটার।