ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ মাসের শেষদিকে শুরু হতে যাওয়া বৈঠক অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত মঙ্গলবার বিভিন্ন বিষয়ে ফোনালাপের একসময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানের সাথে এ আলোচনা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন। হোয়াইট হাউস সূত্রে এ খবর জানানো হয়।
টেলিফোনে আলাপকালে ছয় বিশ্বশক্তির (পি৫+১) প্রস্তাবে সমর্থন জানান দুই নেতা এবং পরবর্তী বৈঠকের দিকেই তাকিয়ে আছেন বলে আলোচনায় উল্লেখ করেন তারা। জেনেভা সম্মেলনে ইরানের সঙ্গে আলোচনায় পরমাণু চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল ছয় জাতি। কিন্তু দেশটির প্রতিনিধিদল তাতে সাড়া না দেয়ায় চুক্তিটি অসম্পন্ন থেকে যায়। এক দশক ধরে চলা এ বিতর্কের পরিণতির লক্ষ্যে আগামী ২০ নভেম্বর পুনরায় আলোচনা আরম্ভ করার সিদ্ধান্ত নেয়া হয়। পরমাণু অস্ত্র তৈরির অজুহাত দেখিয়ে ইসরাইল ও অন্য পশ্চিমা সরকারগুলো অনেকদিন ধরে তাদের উদ্বিগ্নতার বিষয়টি প্রচার করে আসলেও বরাবরই ইরান সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এদিকে আইন প্রণেতাদের সতর্ক করে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, ইরানের ওপর অবরোধ আরো কঠোর করা হলে আমেরিকা একটি যুদ্ধের দিকে অগ্রসর হবে। এছাড়া তেহরানের কর্মসূচি বন্ধে কূটনৈতিক চাপ প্রয়োগের ক্ষেত্রেও বিচ্যুত হতে হবে।
