মুক্তবাজার অর্থনীতি আরো সম্প্রসারণের পক্ষে চীন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৪৮
আগামী দশকেও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সভায় চীনের নেতারা একটি ধারাবাহিক সংস্কার শুরুর ঘোষণা দিয়েছেন। সভার শেষ দিন রুদ্ধদার এক সম্মেলন শেষে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, মুক্তবাজার অর্থনীতির আরো বড় ভূমিকার রাখার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বেইজিংয়ে ৯-১২ নভেম্বর পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে অর্থনীতি ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গতি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার অধিবেশন শেষে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, চীনের বাস্তবতা হলো চীন সমাজতন্ত্রের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আরো অনেক দিন এই পর্যায়েই থাকবে। উন্নয়নই হলো এই সময়ের প্রাথমিক কাজ। সরকার এবং বাজারের মধ্যে যথাযথ সম্পর্ক তৈরির জন্য অর্থনৈতিক সংস্কারই হলো মুখ্য। সম্পদ বণ্টনে নির্ণায়ক ভূমিকা পালন করবে বাজারই, সরকারকে পালন করতে হবে আরো ভালো ভূমিকা। এই লক্ষ্যে একটি সংহত ও খোলা বাজার তৈরি করতে হবে যেখানে শৃঙ্খলা মেনে প্রতিযোগিতা হবে। তবে নির্দিষ্টভাবে কোন কোন ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়া হবে তা বিবৃতিতে বলা হয়নি। রাজনৈতিক প্রসঙ্গে বলা হয়েছে, চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থার উত্কর্ষ প্রমাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো উন্নত করা এবং গণতন্ত্রের রূপকে আরো সমৃদ্ধ করতে হবে। ক্ষমতার প্রয়োগ করবেন জনগণ এবং তা করতে হবে স্বচ্ছতার সঙ্গে। সংস্কারের পথ আরো গভীর করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি নেতৃত্বকারী দল গঠন করা হবে। সংস্কারের পরিকল্পনা রচনা এবং তা নজরদারি করবে এই কেন্দ্রীয় দল।