‘বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠী’

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৪৮
নাইজেরিয়ার ইসলামপন্থি জঙ্গি দল বোকো হারামকে আনুষ্ঠানিকভাবে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার ঘোষণাটি দেয়া হবে বলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে। এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো বোকো হারামের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক এবং অর্থনৈতিক লেনদেন বন্ধ করার ব্যবস্থা করতে পারবে। এই ঘোষণার পর থেকে এই গোষ্ঠিকে ‘বস্তুগত সমর্থন’ দেয়াও যুক্তরাষ্ট্রের আইনে অপরাধ বলে গণ্য হবে। বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। গোষ্ঠিটি আল-কায়েদার সঙ্গেও সংশ্লিষ্ট। বোকো হারামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি জঙ্গী দল নাইজেরিয়ার জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে। মে মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বোকো হারামের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছিলেন। গতবছর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা লিসা মোনাকো পররাষ্ট্র অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছিলেন, বোকো হারাম ‘বিদেশি সন্ত্রাসী’ গোষ্ঠির তালিকায় পড়ার সবগুলো পর্যায় অতিক্রম করেছে।