উপজেলার তেতুলতলা গ্রামের কৃষকরা ব্রি-ধান ৪৯ চাষ করে একরে ৬৮ মণ ধান ফলিয়ে বেজায় খুশি। এক ফসলী এলাকা হিসেবে পরিচিত তেতুলতলা গ্রামের ২৯ জন কৃষক চলতি সনে ব্র্যাকের পরামর্শ নিয়ে তাদের একর জমিতে নতুন জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করেন। তারা আমন মৌসুমে একরে এত বেশি ফসল লাভ করায় খুবই খুশি।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃষক যাদব বিশ্বাস, জীবন বিশ্বাসসহ অনেকেই বলেন, দীর্ঘকাল ধরে জমি চাষ করলেও এত ধান তারা কোন দিন পাইনি। দেশি আমন ধানের চাষ করে কোনভাবে খরচের টাকা উঠান যেত। আজ ব্রি-ধান আমাদের চোখ খুলে দিয়েছে। ধান কর্তনের পর একই জমিতে তারা এখন সূর্যমুখি ফুলের চাষ করবেন বলে জানান। শস্য কর্তন ও মাঠ দিবস উপলক্ষে গত সোমবার তারা এক অনুষ্ঠানের আয়োজন করেন। কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি উপ-পরিচালক আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন, ইউএনও শান্তি মনি চাকমা, উপজেলা কৃষি অফিসার বুদ্ধদেব সেন, ব্র্যাকের ঊর্ধ্বতন কৃষিবিদ হাফিজুর রহমান।
