দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জনের অপমৃত্যু হয়েছে। খবর—ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
জামালপুর
জামালপুর সদর উপজেলার মীর্জাপুর গ্রামে গত মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্টে আজিজুল হক (৬০) নামে এক কৃষক মারা যান। জমিতে চাষ শেষে বাড়ি ফেরার পথে মিন্টু মাস্টারের মত্স্য খামার এলাকায় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
সাঁথিয়া (পাবনা)
পাবনার সাঁথিয়ায় দারামুদা গ্রামে গত মঙ্গলবার পানিতে ডুবে আনিসের ছেলে ইসরাফিল (৫) নামে এক ব্যক্তি মারা যান।
নান্দাইল (ময়মনসিংহ)
নান্দাইল উপজেলার চংভেদেরা গ্রামে গত মঙ্গলবার বিকালে খাদে পড়ে সানি (৪) ও মুনতাহার (৩) নামে দুই শিশু মারা গেছে। আব্দুল মালেকের মেয়ে মুনতাহার খাদে পড়ে গেলে তাকে উদ্ধারে আব্দুল ফরিদ মিয়ার ছেলে সানি এগিয়ে গেলে সেও খাদে পড়ে যায়। এ দু’জনে সম্পর্কে সানি ও মুনতাহার চাচা ভাতিজি।
সীতাকুন্ড (চট্টগ্রাম)
সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পাশ থেকে গত মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পন্থীছিলা ইয়াকুব নগর এলাকায় রেল লাইনের পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। উপজেলার ভাটিয়ারী ও কুমিরা রেল লাইনের মাঝামাঝি স্থান থেকে (৫৮) এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। উভয় লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
