যুবকের রগ কেটে দিয়েছে মাদক ব্যবসায়ীরা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৬
মাদক বিক্রির ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামে কতিপয় মাদক বিক্রেতা এক যুবকের হাত ও পায়ের রগ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত যুবক নবীন সরদারকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নবীন সরদারের চাচাত ভাই নুরুল ইসলাম সরদার বাদি হয়ে ৬ মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এলাকাবাসি ও পুলিশ জানায়, উপজেলার সুন্দরদী (রামনগর) গ্রামের আলমাদানী সিকদার সম্প্রতি পার্শ্ববতী কালকিনি থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ ধরা পরে। বেশ কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে। পুলিশের হাতে ধরা পড়ার জন্য সে নবীন সরদারকে দায়ী করে। এ নিয়ে নবীনের সাথে আল-মাদানীর একাধিকবার দেন দরবার হয়। নবীন সরদারের চাচাত ভাই নুরুল ইসলাম জানান, সোমবার রাতে বেজগাতি বাসষ্ট্যান্ড থেকে নবীন বাড়ি ফেরার পথে মাদক সম্রাট আলমাদানী সিকদার ও তার সহযোগী সন্ত্রাসী হীরা বেপারী, ফরহাদ সরদার, রাসেল বেপারী, শহিদ সিকদার, সোহেল সিকদার পথরোধ করে। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে নবীনের বাম হাত ও পায়ের রগ কর্তনসহ মারাত্মক আহত করে।