পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত চার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৮
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। খবর—ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সাতক্ষীরা সাতক্ষীরায় গত মঙ্গলবার রাতে চোরাচালানিদের পণ্যবাহী ট্রাক চাপায় আব্দুল জব্বার (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত ও আব্দুর রশীদ (৪৮) নামে একজন আহত হন। তারা দু’জনই সাতক্ষীরা ৩৮ বিজিবি’র আওতাধীন ভোমরা বিওপিতে কর্মরত ছিলেন। নিহত আব্দুল জব্বারের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার কুদলা গ্রামে। আহত হাবিলদারের বাড়ি ঝালকাঠি জেলায়। মিরসরাই (চট্টগ্রাম) চট্টগ্রামের মিরসরাইয়ে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মো. আবুল হাসেম (৫২) নামে জোরারগঞ্জ থানার এসআই মারা যান। জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক মিঠাছড়া বাজারে দায়িত্ব পালনরত এসআই আবুল হাসেমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিত্সক তাকে মৃত বলে জানায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মেরকোটা গ্রামে তার বাড়ি। জীবননগর (চুয়াডাঙ্গা) উপজেলার বাড়ান্দি-বালিহুদা সড়কে গত মঙ্গলবার পাওয়ার ট্রিলারের নিচে পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক শিমুল (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন— আশাদুল, দিনমজুর শহিদুল ইসলাম ও মোমিন উদ্দিন। আহতদের মধ্যে আশাদুলকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) বগুড়ার আদমদীঘির পূর্ব ঢাকা রোড এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আবু হানিফ (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। সে নরসিংদী বাবুরহাট এলাকার কাপড় ব্যবসায়ী।