সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত ও সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে সিপিবি ও বাসদ নেতৃবৃন্দ। তারা বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে উঠছে, যা সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা-আতঙ্ক বাড়িয়ে তুলছে। জনগণ সংঘাত নয়, সমঝোতা চায়। তাই যথাসময়ে গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে।
বুধবার মুক্তিভবনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবি’র প্রেসিডয়াম সদস্য মো. শাহ আলম, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এবং প্রগতিশীল গণতান্ত্রিক জোটের আবম মোস্তফা আমীন প্রমুখ।
