অপরাজিতা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ১৯:৪৫
আমাকে ডেকো না তো, আমি আর ফিরে যেতে চাই না অশ্রুহীন ক্রন্দনের নির্ঘুম নিঃসঙ্গতায়। একটু একটু করে নিশ্ছিদ্র একাগ্রতায় কেটেছি পাথর, অথচ আসেনি তাতে বন্ধুর আদল। নিষ্প্রাণ প্রস্তর চোখ নীরবে তাকিয়ে ছিল উদাসীন নিস্পৃহতায় আর সমর্পিত সমিদ্ধ হূদয় ভেঙেচুরে টুকরো হয়েছে এক তঞ্চকের অবয়ব দেখে। বুঝি এসেছিল বিবশ প্রহর, তাই অন্ধ প্রণয় আরও ফেনিল হয়েছে প্রপঞ্চ আঘাতে। জলকম্পে ছিন্নভিন্ন হূদয়ের ঝাউবন। তবু ধরণী নির্লিপ্ত ছিল, অনাদৃতার লজ্জাকে করেনি ধারণ বিলম্বিত বিবস্ত্র সময় পাড়ি দেয় আপদসঙ্কুল দুর্গম পথ। একদিন সেই পথে হেঁটে গেছি নির্বাসিতা বিপ্রলব্ধা খণ্ডিতা রমণী... পৃথিবীকে বহুবার প্রদক্ষিণ শেষে আবার উঠেছি জেগে, আবার পৌঁছে গেছি জীবনের প্রাত্যহিক গোলকধাঁধায়। এখন আমাকে আর ডেকো না তো, ভুলিয়ো না স্তোক বাক্যে। যোজন যোজন পথ একাকী হেঁটেছি, আরও আছে আরব্ধ জীবন।