একটা খানসেনা ঢুকছে—বেরিয়ে আসছে
আর একটা খানসেনা ঢুকছে—রেরিয়ে আসছে
আবার একটা খানসেনা
আবারও একটা খানসেনা
আরও, আরও, আরও একটা
আর জানালার গ্রিল ধরে পশুর মতো চিত্কার করছে মেয়েটা
পশুরমতো গোঙাচ্ছে মেয়েটা
সারা গায়ে কোনো জামাকাপড় নেই
মাঝে মাঝে চুপ করে শূন্যে চেয়ে আছে
আবার পশুর মতো, আবারও পশুর মতো চিত্কার করছে
গোঙাচ্ছে
ওকে তুমি তোমার সবুজের ভেতর লাল সূর্যের মধ্যে
জায়গা দাও জাতীয় পতাকা
ওকে তুমি তোমার স্বাধীনতার ইতিহাসে একটা অধ্যায়
করে দাও জাতীয় পতাকা
আর হাতে দাও একটা বন্দুক, একটা তরোয়াল, একটা,
একটা যা কিছু। যা দিয়ে ও খানসেনাদের পৌরুষ
থেঁতলে দিতে পারে।
তুমি ওকে একটা মিষ্টি ঘুম দাও জাতীয় পতাকা
একটা সুন্দর ঘুম, একটা ভয়হীন নিশ্চিন্ত ঘুম
যে ঘুমের মধ্যে ও একটা আশ্চর্য দেশের ছবি দেখবে,
যে ছবিটা বাংলাভাষায় লেখা
আর ঘুম ভেঙেই দেখবে ক্যালেন্ডারে লেখা রয়েছে
২১শে ফেব্রুয়ারি।
