চালু হলো উইকিপিডিয়া জিরো প্রকল্প

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ১৯:৪৭
অনলাইনে জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া (www.wikipedia.org)কে সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে এবারে বাংলাদেশেও চালু হলো উইকপিডিয়া জিরো প্রকল্প। গত বছর উগান্ডায় প্রথম এই প্রকল্পটি চালু হয়। প্রকল্পটি ইতোমধ্যে জিতেছে সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) ২০১৩ পুরস্কার। বাংলাদেশে বর্তমান বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন এ সুবিধা দিচ্ছে। এ ছাড়া খুব শীঘ্রই গ্রামীণফোনও এ সেবা দেওয়া শুরু করবে। এ বিষয়ের সামগ্রিক অবস্থা জানতে ঢাকায় এসেছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল প্রোগ্রামের পরিচালক ক্যারোলিন স্লোয়েডার। গত পরশু এ উপলক্ষে বেসিস মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ক্যারেলিন স্লোয়েডার। এ সময় উইকিমিডিয়া বাংলাদেশ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। zero.wikipedia.org সাইটে গিয়ে এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।