লন্ডনে থিয়েটারের ‘মুক্তি’ নাটকের প্রদর্শনী

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:১৭
লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে গত ৯ নভেম্বর থিয়েটারের ‘মুক্তি’ নাটকের প্রদর্শনী শেষ হয়। উপস্থিত অধিকাংশ প্রবাসী বাঙালি ও বিদেশিদের করতালিতে মুখরিত হয় পুরো মঞ্চ। ২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল আয়োজিত ‘এ সিজন অব বাংলা ড্রামা’র অংশ হিসেবে এটি মঞ্চস্থ হয়। এবার ছিল এ নাট্য আয়োজনের ১১তম আসর। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে থিয়েটার ‘মুক্তি’ প্রযোজনা নিয়ে উত্সবে অংশগ্রহণ করে। এবারের উত্সবে ৭টি বাংলা ও ৬টি ইংরেজি নাটক মঞ্চস্থ হচ্ছে। তাছাড়া রয়েছে ৩টি সেমিনার ও একটি প্রদর্শনী। মিজারুল কায়েস লি ব্লেসিংয়ের মূল ইংরেজি নাটকের বাংলা ভাবানুবাদ করেছেন ‘মুক্তি’। ত্রপা মজুমদারের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী ও তানভীন সুইটি। নাটক শুরুর আগে থিয়েটারের দলনেতা রামেন্দু মজুমদার ও ফেস্টিভ্যাল কিউরেটার কাজী রুকসানা বেগম দর্শকদের স্বাগত জানান। নাটক শেষে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে নাটকের নির্দেশক ও শিল্পীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন বাংলাদেশ হাই কমিশনার মিজারুল কায়েস। থিয়েটারের ১০ জন সদস্য এ প্রদর্শনীর জন্য লন্ডন সফর করেন।