সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছিল যদি ‘রাম-লীলা’ ছবিটির এই নাম পরিবর্তন না করা হয় তাহলে ছবিটি আজ মুক্তি পাবে না। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ছবিটির নাম হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। এই নামের পরিবর্তন না হলে কোনোভাবেই মুক্তি দেওয়া যাবে না। আর তাই কোনো উপায়ান্তর না পেয়ে পরিচালক সঞ্জয় লীলা বানসালী তার ‘রাম-লীলা’ ছবিটির নাম পরিবর্তন করে রাখলেন, ‘গলিওকি রাসলীলা রাম-লীলা’। এ নিয়ে দু’বার পরিবর্তন হলো ছবিটির নাম। প্রথমে ছবিটির নাম ছিল ‘রামলীলা’, পরবর্তীতে ‘রাম-লীলা’ করা হয়, এবার ‘গলিওকি রাসলীলা রাম-লীলা’ করা হলো। তাই মুক্তিও নিশ্চিত হয়েছে, আজই মুক্তি পাচ্ছে ছবিটি। অন্যদিকে, সেন্সরে কাটা পড়েছে ছবিটির বহু দৃশ্য। বিশেষ করে, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বেশকিছু চুম্বন দৃশ্য কেটে ছোট করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে চুম্বন দৃশ্য পুরোপুরি ফেলে দেওয়া হয়েছে। অনেক আবেদনময় ও উত্তেজনাপূর্ণ দৃশ্যও ছেঁটে দেওয়া হয়েছে ছবিটির।
