ইয়েমেনে প্রতিশোধ হামলার হুমকি আল কায়েদার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৩৪
উত্তর ইয়েমেনের দাম্মাজে একটি সালাফি মাদ্রাসায় শিয়া হাউথি বিদ্রোহীদের চালানো হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে আরব উপদ্বীপের আল কায়দা (একিউএপি)। মঙ্গলবার একিউএপির পক্ষ থেকে পাওয়া একটি বিবৃতির ভিত্তিতে সাইট মনিটরিং সার্ভিস এ তথ্য জানিয়েছে। শিয়া অধ্যুষিত অঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত দাম্মাজের ঐতিহ্যবাহী দার আল-হাদিস মাদ্রাসায় হাউথি ও সালাফিদের মধ্যে গত দুই সপ্তাহের সংঘর্ষে একশ’ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই সংঘর্ষ ইয়েমেনে সাম্প্রদায়িক উত্তেজনা আরো উসকে দিয়েছে। দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন, সামরিক বিভক্তি, আল কায়দার কার্যক্রম বৃদ্ধি এবং হাউথি জঙ্গিদের বিদ্রোহের কারণে ইয়েমেন গভীর রাজনৈতিক সঙ্কটে পড়েছে। পশ্চিমা বিশ্বের আশঙ্কা, বিশৃঙ্খলা আরো বাড়লে দেশটিতে একিউএপি’র তত্পরতা বাড়বে। বড় তেল পরিবহন পথের পাশে বিভিন্ন আন্তর্জাতিক বিমানে আক্রমণের পরিকল্পনা করে সংগঠনটি এরই মধ্যে আল কায়দার শক্তিশালী অংশ হিসেবে নিজেদের প্রমাণ করেছে।জঙ্গি দলটির ধর্মীয় কর্মকর্তা হারিথ বিন গাজি আল-নাধারির রেকর্ড করা একটি ভিডিও বার্তায় একিউএপি প্রতিশোধ নেয়ায় ওই হুমকি দেয়।