শীতের আগমনীতে মতলব উত্তর উপজেলায় লেপ-তোষকের কারিগররা এখন খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন হাট-বাজারে বিক্রির জন্য লেপ-তোষক তৈরি করে মজুদ করছে তারা। লেপ-তোষকের চাহিদা দিন দিন বাড়তে থাকায় বিক্রিও বাড়ছে। আবার অনেক নিম্নবিত্ত পরিবারের গৃহবধূরা শীত মৌসুমে কাঁথা সেলাই করে জীবিকা নির্বাহ করে থাকেন। অন্যদিকে, সচ্ছল পরিবারের গৃহবধূরাও সংসারের নিত্যপ্রয়োজনীয় কাজকর্মের পাশাপাশি অবসরে কাঁথা সেলাই করছেন। শীতকে ঘিরে তাই বিভিন্ন পরিবারের গৃহবধূদের মধ্যে শুরু হয়েছে কাঁথা সেলাইয়ের প্রতিযোগিতা। উপজেলার ছেংগারচর বাজারে ১৫টি লেপ-তোষকের দোকান রয়েছে। এসব দোকানের কারিগররা এখন খুবই ব্যস্ত সময় পার করছেন। দোকান মালিক রহমান ও আব্দুল আজিজ জানায়, সময় মত লেপ-তোষক ডেলিভারি দিতে তারা অতিরিক্ত কারিগর রেখেছেন। সারা বছরের তুলনায় এ সময় তাদের কাজ বেশি করতে হয়। কারণ এ মৌসুমের আয় দিয়েই তাদের পুরো বছর চলতে হয়।
গজরা বাজারের কানন বেডিং স্টোরের মালিক রবিউল জানান, এ সময় লোকজন বাড়িতে ব্যবহারের জন্য লেপ-তোষক তৈরি করতে আসছে। তাই ক্রেতাদের ভিড় আগের চাইতে বেশি। কিছু ব্যবসায়ী বাইসাইকেলে করেও গ্রামে-গ্রামে লেপ-তোষক ফেরি করে বিক্রি করছে। ফেরিওয়ালা আলতাফ জানান, শীতের সময় লেপের চাহিদা থাকায় তারা গ্রামে-গ্রামে ফেরি করে চলেছে। একটি লেপ বিক্রি করে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত লাভ হয়।
