ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কারণেই শচিন টেন্ডুলকার রাজ্য সভার সদস্য। জানালেন রাজিব শুক্লা। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট শুক্লা জানান, রাজ্য সভার সদস্য হিসেবে মনোনয়ন দিতে সোনিয়া গান্ধী টেন্ডুলকারের নাম সুপারিশ করেছিলেন। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর টেন্ডুলকারকে বিরল সম্মান ‘ভারত রত্ন’ পুরস্কারের জন্য বিবেচনা করা হতে পারে বলেও আভাস দেন তিনি। সক্রিয় ক্রীড়াবিদ হিসেবে টেন্ডুলকারই ভারতে ২০১২ সালের জুন মাসে প্রথম সংসদ সদস্য মনোনীত হন।
শুক্লা জানালেন, রাজ্য সভার সদস্য হিসেবে মূলত সুনিল গাভাস্কার এবং রবি শাস্ত্রীর মত বর্ষীয়ানদের নাম আলোচনা হচ্ছিল। কিন্তু সোনিয়া গান্ধী টেন্ডুলকারকে সংসদে দেখতে আগ্রহী ছিলেন।
কিংবদন্তি ব্যাটসম্যানের সম্মানে ইন্ডিয়া টুডে গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে শুক্লা বলেন, ‘রাজ্য সভায় টেন্ডুলকারকে আনার কোন ধারণা আমার ছিল না। আমার ধারণা ছিল গাভাস্কার অথবা শাস্ত্রীর মত কারো নাম সুপারিশ করা হবে। কিন্তু মিসেস গান্ধী আমাকে টেন্ডুলকারের সঙ্গে কথা বলতে বললেন। আমি তাকে বললাম, সে তো এখনো খেলছে। কিন্তু তার ইচ্ছা অন্ততপক্ষে আমি যেন টেন্ডুলকারের সঙ্গে আলোচনা করি।’
তিনি আরো বলেন,‘এরপর টেন্ডুলকার ঢাকায় খেলার সময় আমি তার সঙ্গে কথা বলি এবং জবাবে সে পরিবারের সঙ্গে আলোচনা করবে বলে জানালো। এরপর আমাকে ফিরতি ফোন দিয়ে জানালো কিভাবে এটা হতে হয় সে বিষয়ে তার পরিবারের কোন ধারণা নেই। এভাবেই সে রাজ্য সভার সদস্য হলো।’
টেন্ডুলকারকে বেসামরিক জনগণের মধ্যে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পুরস্কার দেয়ার জন্যও দাবি উঠেছে। শুক্লা জানান, টেন্ডুলকার অবসর নেয়ার পরই কেবল সরকার বিষয়টি বিবেচনা করতে পারে।
এ ব্যাপারে তিনি বলেন,‘গত ২/৩ বছর যাবত এমন দাবি উঠেছে। কিন্তু সে খেলতে থাকা অবস্থায় এটা করা যায় না। তাহলে বিতর্ক সৃষ্টি হতে পারে। এখন যেহেতু সে অবসর নিতে যাচ্ছে, তাই সে যাতে এটা পেতে পারে সেজন্য আমরা চেষ্টা করব। আশা করছি, কমিটি (যে কমিটি সিদ্ধান্ত নেয়) এবং সরকার বিষয়টি বিবেচনা করবে।’বাসস
