দশম জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী বা তার পক্ষের কেউ মনোনয়নপত্র জমা দিতে গেলে কোনও ধরনের বাধা দেয়া যাবে না- এমন ধারা সংযোজন করে আচরণবিধি আরেক দফা সংশোধন করে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার শেরে বাংলা নগরে ইসি সভাকক্ষে নির্ধারিত এক বৈঠকে আচরণবিধির ৮ (ক) বিধিতে এ সংশোধন আনা হয়।
বিধিতে বলা হয়, কোনও প্রার্থী বা কোনও প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করার সময় অন্য কোন প্রার্থী বা কোনও ব্যক্তি কোনও প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। কমিশন সভায় চূড়ান্তের পর আচরণবিধি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপরই চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
