ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল ওর্গানাইজেশনের (ইউনেস্কো) নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ এই নির্বাহী বোর্ডের সদস্য থাকবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৩৭তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটাভুটিতে বাংলাদেশ ১৫২ ভোট পেয়েছে। এই ভোট পেয়ে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল (গ্রুপ-৪) থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সাতটি দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করে।
এ নিয়ে ষষ্ঠবারের মতো ইউনেস্কোর নির্বাহী বোর্ডে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১৯৭২ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হয়। ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বীকৃতি দেয়। ইউনেস্কোর সাধারণ সভার ৩৭তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
