উরুগুয়ে গত বুধবার রাতে টানা চতুর্থবারের মতো প্লে-অফ খেলতে নেমে জর্ডানের মাঠে স্বাগতিকদের ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া নিশ্চিত প্রায় করে রেখেছে। একই রাতে নিজেদের মাঠে মেক্সিকো ৫-১ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে থাকে। আগামী বুধবার মন্টেভিডিওতে উরুগুয়ে-জর্ডান এবং ওয়েলিংটনে মেক্সিকো-নিউজিল্যান্ড প্লে-অফের ফিরতি লেগে মুখোমুখি হবে।
আগের তিনবারও প্লে-অফ জিতেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছিল দুবারের শিরোপাধারী উরুগুয়ে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা উরুগুয়েকে এগিয়ে দেন। এছাড়া নিকোলাস লোদেইরো, ক্রিশ্চিয়ান রদ্রিগেজ এবং এডিনসন কাভানি গোল পেয়েছেন। স্বাগতিক জর্ডান এদিন টানা ১৬ খেলায় অপরাজিত থাকার পর হারলো। এখন ব্রাজিলের টিকিট পেতে হলে এশিয়ার এই দেশটির সামনে কোচ অস্কার তাবারেজের দলকে ন্যুনতম ৫-০ ব্যবধানে হারানোর কোনো বিকল্প নেই; যা প্রায় অসম্ভব।
বাঁছাই পর্বের আগের খেলায় আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছিল উরুগুয়ে। এদিনের খেলায় তাবারেজ আর্জেন্টিনার বিপক্ষে যে দল নিয়ে মাঠে নেমেছিলেন তার থেকে তিনটি পরিবর্তন আনেন। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাঁছাই পর্বের খেলায় পঞ্চম হওয়ায় প্লে-অফ খেলে তাদেরকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হবে। এই অঞ্চল থেকে এর আগে আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি এবং ইকুয়েডর ব্রাজিলের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
মেক্সিকো বাঁছাই পর্বে আগের চার খেলায় তিনটি এবং যে কোনো প্রতিযোগিতায় শেষ ১০টি খেলায় গোল পেয়েছে মাত্র সাতটি। তবে ওশেনিয়ার শিরোপাধারী নিউজিল্যান্ডের বিপক্ষে তারা স্বরূপে ফিরে আসে। বিশ্বকাপে খেলার জন্য আগামী ২০ নভেম্বেরের ম্যাচে নিজেদের মাটিতে স্বাগতিকদেরকে কমপক্ষে ৪-০ গোলে হারাতে হবে নিউজিল্যান্ডের। তবে গত বুধবারের খেলায় স্বাগতিকরা খেলায় ৭৫ শতাংশ বলের দখল রেখেছিল নিজেদের কাছে।
বাঁছাই পর্বে নিজেদের শেষ খেলায় কোস্টারিকার বিপক্ষে পরাজিত হয়েছিল মেক্সিকো। ওই খেলায় যে দল মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা মাঠে নামিয়েছিলেন তার থেকে এদিন দলে সাতটি পরিবর্তন আনেন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা জাভিয়ের হার্নান্দেজ এবং রিয়াল সোসিয়েদাদের তারকা কার্লোস ভেল্টার মতো তারকাদেরকে বাদ দিয়ে দলে টেনেছেন স্বদেশি ক্লাবে খেলছেন এমন খেলোয়াড়দেরকে।
খেলার ৩২ মিনিটে পল আগুইলারের গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। এরপর ৪০ মিনিটে রাউল রদ্রিগেজ ব্যবধান দ্বিগুণ করেন। ৪৮ এবং ৮৪ মিনিটে পেরাল্টা দুটি গোল করে স্বাগতিক দলের জয় নিশ্চিত করেন। ৮৫ মিনিটে ক্রিস জেমস একটি গোল পরিশোধ করেন। মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে গোল শূন্য ড্র কররেও বিশ্বকাপে খেলবো। তবে আমরা জিততে চাই।’
ক্রমাগত খারাপ খেলতে থাকায় গত কয়েক মাসে মেক্সিকো বারবার তাদের কোচকে বরখাস্ত করেছে। শেষ দুই মাসের মধ্যে হেরেরা দলটির চতুর্থ কোচ। তিনি বলেন, ‘আমি মাত্র দুই খেলায় কোচের দায়িত্ব পালন করেছি। এবং আমি গুরুত্বপূর্ণ খেলাটিতে জয় পেয়েছি। সব কিছুর পরে মেক্সিকান ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেবে। তারা যেটা ভাল মনে করে সেটাই করবে।’
