যথাযথ মর্যাদা দিতেও কৃপণতা করেছি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২০:৪৯
গতকাল ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ও অভিনেতা সুভাষ দত্তের প্রথম মৃত্যুবার্ষিকী। সোনালি যুগের মানুষটি বাংলা চলচ্চিত্রের ধূসর দিনে চলে গিয়েছেন নানা ক্ষোভ নিয়েই। এই মানুষটির স্মরণে ইত্তেফাক তারকা কলাম বিভাগে লিখেছেন চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা ববিতা দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল। এই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সুভাষ দা’র অনুপস্থিতিকে মেনে নিতে পারিনি। বাংলা চলচ্চিত্রে ইতিহাস যাদের হাতে রচিত হয়েছে, সুভাষ দা’ তাদের অন্যতম। তাই এ দেশের চলচ্চিত্রে তার শূন্যস্থান পূরণ কখনোই সম্ভব নয়। তবে তিনি আমার কাছে ঠিক এ বিচারেই সীমাবদ্ধ নন। কারণ, পেশাগত সম্পর্কের বাইরেও তার সাথে একটি স্নেহের সম্পর্ক আমার ছিল। তাই তার শূন্যতা আমি ব্যক্তিগতভাবেই অনুভব করি। বাংলা চলচ্চিত্রের দুঃসময়ে এই মানুষটির কান্না আমি দেখেছি। একমাত্র ভালোবাসা থাকলেই একজন মানুষ এভাবে কাঁদতে পারেন। খুব আফসোস হয়, বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের এই মানুষটি দুঃসময়ের ছবি দেখতে দেখতেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এই মানুষটিকে যথাযথ মর্যাদা দিতেও কৃপণতা করেছি। আরও অনেক কিছু পাওয়ার ছিল এই মানুষটির কাছ থেকে। কিন্তু মানুষটিকে যত্ন করতে ভুলে ছিলাম। গতকাল এক বছর পেরুনো উপলক্ষে অনেকেই হয়তো তাকে নানাভাবেই স্মরণ করেছেন। কিন্তু আমাদের উচিত তার কীর্তিকে স্মৃতিতে না বেঁধে শক্তি করে বাংলা চলচ্চিত্রের সোনালি যুগ ফিরিয়ে আনা। সুভাষ দা তোমাকে বলছি, বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরবেই। তোমার রেখে যাওয়া আশীর্বাদের কল্যাণেই।