সম্প্রতি সাউন্ড মেশিনের ব্যানারে প্রকাশ হলো নতুন ব্যান্ড দল সহজিয়ার প্রথম অ্যালবাম ‘রঙমিস্ত্রী’। ৯টি গান দিয়ে সাজানো এই অ্যালবাম প্রসঙ্গে ব্যান্ডের ভোকাল রাজু বলেন, ‘এটা সহজিয়ার প্রথম অ্যালবাম। ব্যান্ড লালনের তিতি ভাই এবং শিরোনামহীন ব্যান্ডের জিয়া ভাই এ ব্যাপারে সরাসরি ভূমিকা রেখেছেন। নিজেরা নিয়মিত মিউজিক করলেও ব্যান্ড অ্যালবাম বের করার ব্যাপারে ইচ্ছার জোরটা কম ছিল। তিতি ভাইকে সেশন মিউজিক প্রডিউসার হিসেবে পেয়েছি। আর অ্যালবাম মাস্টারিংয়ে জিয়া ভাইয়ের সাহায্য আমাদের অ্যালবামকে আরও শক্তি দিয়েছে। যা আমাদের বড় পাওয়া। আর অ্যালবামের এই নামকরণ করেছি কারণ, সবাই নিজের জীবন এঁকে চলছে। হয়তো আমরাও কারও তুলির আঁচর। রঙ আর রঙমিস্ত্রীকে খোঁজা আর বুঝার চেষ্টা থেকেই ‘রঙমিস্ত্রী’। শ্রোতারা অ্যালবামটি কিনে যেন হতাশ না হয়, সে ধরনের কাজ করারই চেষ্টা করেছি।’ উল্লেখ্য এই ব্যান্ডের লাইনআপে বেজে জাফরী, গিটারে সজিব, সৌম, ড্রামসে্ রাব্বি এবং লিরিক ও ভোকালে রাজু।
