ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র স্মরণে আজ গাইবেন অসিত দে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২০:৫১
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে আলোচনা ও উচ্চাঙ্গ সংগীতের অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমীর একাধিক নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আজ ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র স্মরণে গাইবেন দেশের বরেণ্য ক্লাসিক্যাল শিল্পী অসিত দে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানটি প্রসঙ্গে অসিত দে বলেন, ‘এ ধরনের স্মরণগীত শুধু নয় শিল্পকলা একাডেমীর যেকোনো নান্দনিক আয়োজনে পারফর্ম করতে ভালো লাগে। এ অনুষ্ঠানে আমি ছাড়াও একাধিক গুণী শিল্পীরা পারফর্ম করবেন। নিজের গাওয়া শেষে তাদের পারফর্মেন্স দেখাটাও অন্য এক অনুভূতি জাগায় আমার ভেতরে।’ এ ছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ওস্তাদ শাহাদাত হোসেন খান, রীনাত ফৌজিয়া এবং প্রিয়াংকা গোপ।